দৃক পিকচার লাইব্রেরি আয়োজিত ‘বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬’-এ ‘পিকচার অব দ্য ইয়ার-বর্ষসেরা আলোকচিত্র ২০২৫’ পুরস্কার অর্জন করেছেন দৈনিক মুক্তকণ্ঠের ডেপুটি হেড অব ফটোগ্রাফি সাজিদ হোসেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে দৃকের অফিশিয়াল ফেসবুক পেজে বিজয়ীদের নাম ও নির্বাচিত আলোকচিত্র প্রকাশ করে ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার অন্যান্য বিভাগে ডেইলি টাইমস অব বাংলাদেশের ফটোসাংবাদিক মো. মাজহারুল ইসলাম জনমুখী সাংবাদিকতা ও রাজনীতি বিভাগে বিজয়ী হয়েছেন। একই প্রতিষ্ঠানের হেড অব ফটোগ্রাফি মো. মাহমুদ জামান এই দুই বিভাগে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন। এছাড়া শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগে বিজয়ী হয়েছেন ডেইলি সানের স্পোর্টস ফটোসাংবাদিক তানভীন তামিম এবং বিশেষ সম্মাননা পেয়েছেন দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।

চলতি বছরের জুনে ২০২৫ সালে ধারণ করা আলোকচিত্র সাংবাদিকতা ও তথ্যমূলক আলোকচিত্র আহ্বান করা হয়েছিল। শীর্ষস্থানীয় আলোকচিত্রী ও ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী দেড় হাজারের বেশি আলোকচিত্রের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচিত করেন। এবারের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আলোকচিত্রী বুদ্ধজ্যোতি চাকমা, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব প্র্যাকটিস দীনা হোসাইন, আলোকচিত্রী মুনির উজ জামান এবং আলোকচিত্রী, অ্যাকটিভিস্ট ও কিউরেটর শহিদুল আলম।

দৃক জানিয়েছে, ভুয়া খবরের বিস্তারের এই সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত আলোকচিত্র এখনো খবরের অন্যতম বিশ্বস্ত উৎস। একই সঙ্গে সংবাদ সংগ্রহের কাজে প্রেস আলোকচিত্রীদের নানা ঝুঁকির মুখে কাজ করতে হয়। সেই সাহসী আলোকচিত্রী সাংবাদিকদের কাজের স্বীকৃতি ও উদ্‌যাপনের লক্ষ্যেই ২০২১ সালের আলোকচিত্রকে কেন্দ্র করে বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। এবার পঞ্চমবারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হলো।

পুরস্কারের আর্থিক সম্মানের কথা উল্লেখ করে জানানো হয়, ‘পিকচার অব দ্য ইয়ার-বর্ষসেরা আলোকচিত্র ২০২৫’ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। প্রতিটি বিভাগের বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা এবং বিশেষ সম্মাননা বিজয়ী পাবেন ১০ হাজার টাকা। এ ছাড়া সব বিজয়ীকে সম্মাননা স্মারক, সনদ ও বার্ষিক বইয়ের একটি সংস্করণ প্রদান করা হবে।

বিজয়ী আলোকচিত্রসহ নির্বাচিত আরও ৩২টি ছবি নিয়ে আগামী ৩১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত রাজধানীর দৃক গ্যালারিতে ‘বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬’ অনুষ্ঠিত হবে। একই সময়ে বৃহত্তর পরিসরে দর্শকদের জন্য ভার্চ্যুয়াল প্রদর্শনীরও আয়োজন করা হবে।