গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে ছায়েদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনপাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁরা সন্তানদের নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছায়েদুল ইসলাম স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন, যার ফলে তাঁদের সংসারে প্রায়ই অশান্তি লেগেই থাকত। ঘটনার আগের দিন স্ত্রী নাসিমা আক্তার বেতন পেয়ে বাসায় ফেরার পর মাদক সেবনের জন্য তাঁর কাছে তিন হাজার টাকা দাবি করেন ছায়েদুল। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত রোববার রাতে টাকা চাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছায়েদুল ধারালো অস্ত্র দিয়ে নাসিমাকে আঘাত করেন। দিবাগত রাত দুইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‍্যাব আরও জানায়, ঘর থেকে চিৎকার ও শিশুদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে নাসিমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দুই সন্তানের সামনেই নাসিমাকে আঘাত করার পর ছায়েদুল দ্রুত পালিয়ে যান। স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহত নারীর ভাই মো. মাসুম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মুক্তকণ্ঠকে বলেন, "অভিযান চালিয়ে আলোচিত ওই ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।"