খুলনা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং খুলনা নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, "পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬–এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী তিন বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।"
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, "জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।"
খুলনা সিটি করপোরেশনের হাজী মহসীন রোডের বাসিন্দা মোহাম্মদ মনিরুজ্জামান ১৯৯৪ সালে ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি চারবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে তৎকালীন আওয়ামী লীগ মেয়র তালুকদার আবদুল খালেককে পরাজিত করে তিনি মেয়র নির্বাচিত হন।
তবে ওই বছরের ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে এক বছর ১৮ দিন পর তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২১ সালের ৯ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপি খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করলে, মহানগর বিএনপির সভাপতির পদ থেকে নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের পদ থেকে মনিরুজ্জামানকে বাদ দেওয়া হয়।






