কয়েক দিন ধরেই দর্শকদের কাছে ব্যাপক সমর্থন ও ভোট চেয়েছিলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। ভক্তরাও তাঁর এই আহ্বানে সাড়া দিয়েছিলেন। শেষ পর্যন্ত গভীর রাতে বিশ্বের ১১৬ জন প্রতিযোগীর মধ্যে ভোটিংয়ে শীর্ষস্থানে চলে আসেন মাহি। তবে এত কিছুর পরেও শেষ তালিকায় শীর্ষ ৩০-এর মধ্যে জায়গা করে নিতে পারেননি এই অভিনেত্রী।

বাংলাদেশ সময় রাত তখন দুইটা। সেই মুহূর্তে ভক্তদের কাছে আবেগঘন অনুরোধ জানান সামিরা খান মাহি। আকুতি জানিয়ে তিনি বলেন, ‘প্লিজ আমি আপনাদের মেয়ে, আমাকে ভোট দিন। এটা বাংলাদেশের জন্য গর্বের। আর মাত্র ৪ ঘণ্টা। আপনারাই পারেন আমাকে ভোট দিয়ে এগিয়ে রাখতে। প্লিজ প্লিজ, আমাকে ভোট দিন।’

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে শুরু থেকেই তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে লড়াই করে যাচ্ছিলেন। তবে তিনি স্পষ্ট জানান যে, এই লড়াই তাঁর একার পক্ষে সম্ভব নয়; এখানে তিনি ভক্তদের সমর্থন ও পাশে থাকা একান্তভাবে কামনা করেন।

এই পুরো প্রক্রিয়া নিয়ে মাহি মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাকে প্রতিদিন মাত্র ২ থেকে তিন ঘণ্টা ঘুমাতে হয়। আমি এই রুটিনে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি। আমার জ্বর ছিল। তবে আজ ফাইনালের দিনে আমি অনেকটাই সুস্থ। মধ্যে একটু ঘুমও হয়েছে, ৫ ঘণ্টার মতো ঘুমানোর সুযোগ পেয়েছি। কিন্তু আজ ফাইনালের জন্য আপনাদের কাছে শেষবারের মতো ভোট চাই।’ তিনি আরও জানান, আয়োজকরা ফোন নিয়ে নেওয়ায় দীর্ঘ সময় তাঁর কাছে ফোন থাকবে না।

ভোটের শেষ মুহূর্তে মাহি কিছুটা ভেঙে পড়েছিলেন, কারণ তখনো তাঁর শীর্ষস্থানে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। বাংলাদেশের দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমানে আমি ২ নম্বরে রয়েছি। আমাকে আপনারাই পারেন ভোট দিয়ে ১ নম্বরে নিয়ে আসতে। আমি দেখতে চাই, আপনারা আমাকে ভোট দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার জন্য আরেকটু চেষ্টা করেন।’

ফাইনালের মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকল যখন, তখন ভোটিংয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে সামিরা খান মাহি ভোটিং স্কোরে শীর্ষের দিকে এগিয়ে যান এবং শেষ পর্যন্ত গভীর রাতে বাংলাদেশের হয়ে তিনি সবার উপরে চলে আসেন। সামিরা খান মাহির চূড়ান্ত ভোটিং স্কোর দাঁড়ায় ২৩৮ কোটি, যেখানে দ্বিতীয় অবস্থানে থাকা কম্বোডিয়ার প্রতিযোগীর স্কোর ছিল ২৩২ কোটি।

তবে ভোটে শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত শীর্ষ ৩০-এ জায়গা পাননি মাহি। কারণ, মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী শুধু ভোটিং রাউন্ডই চূড়ান্ত নয়। মিস ইউনিভার্সের ওয়েবসাইট থেকে জানা গেছে, ২০২৬ সালের ফরম্যাটে দর্শকদের ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর জন্য সরাসরি টপ ৩০-এ যাওয়ার সুযোগ রাখা হয়েছে। কিন্তু ভোটে এগিয়ে থাকলেই মুকুট নিশ্চিত হয় না বা শীর্ষ ৩০-এ জায়গা পাওয়া যায় না। চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের পারফরম্যান্স এবং বিচারকদের মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইনালে টপ ৩০ থেকে টপ ১২, এরপর টপ ৫ এবং প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে বিজয়ী নির্ধারিত হয়। এই বিচারিক প্রক্রিয়াই মাহির জন্য বাধা হয়ে দাঁড়ায়।

এই বিষয়ে মাহি একটি ভিডিও বার্তায় বলেন, ‘এটা বিভিন্ন দেশের প্রতিযোগী দীর্ঘ সময় নিয়ে নিজেদের প্রস্তুত করে। সেখানে আমরা শেষ মুহূর্তে প্রস্তুতি নেই। আমাদের আরও সময় দরকার। কারণ, এখানে ভোট ছাড়াও নিজেকে যথাযথভাবে তুলে ধরতে হয়। ব্যক্তিগত সাক্ষাৎকার, সাঁতারের পর্ব, ইভনিং গ্রাউন, জাতীয় পোশাক ও প্রশ্নপর্ব এবং সামাজিক দায়বদ্ধতার ও নেতৃত্বের নানা বিষয়ে একজন প্রতিযোগীকে পারদর্শী হতে হয়। এসব মার্ক যোগ করেই শীর্ষ তালিকা হয়।’

২০২৬ সালের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল ৮ নভেম্বর। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা ওই দিন থেকে পুয়ের্তো রিকোতে জড়ো হতে শুরু করেন। মূল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ২৪ নভেম্বর ২০২৬। এবারের মিস ইউনিভার্স মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।