পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের প্রাক্কালে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিযোগীরা। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ২৫ নভেম্বর সকাল ৬টায় অনুষ্ঠিত হবে এই চূড়ান্ত পর্ব। প্রতিযোগীরা বর্তমানে চূড়ান্ত পর্বের মহড়া নিয়ে ব্যস্ত। এর আগে গত ২২ নভেম্বর প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড সম্পন্ন হয়েছে, যেখানে সুইমস্যুট ও ইভনিং গাউন—এই দুটি বিশেষ পর্বে নিজেদের উপস্থাপন করেছেন অংশগ্রহণকারীরা। অসুস্থতা থাকা সত্ত্বেও এই দুই পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তাঁর পোশাক নির্বাচন এবং মঞ্চে হাঁটার শৈলী নিয়ে ফ্যাশন বিশ্লেষকদের প্রশংসা শোনা গেছে। তবে চূড়ান্ত পর্বের মাত্র কয়েক ঘণ্টা আগে পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। শারীরিক অবস্থা, চূড়ান্ত পর্বের প্রস্তুতি এবং প্রত্যাশা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুক্তকণ্ঠের সাথে কথা বলেছেন মাহি। তাঁর সঙ্গে কথা বলেছেন হাসান ইমাম।

সাক্ষাৎকারে বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মাহি জানান, “শরীরে জ্বর তো ছিলই, তার সঙ্গে গলাব্যথা। হঠাৎ হঠাৎ রক্তচাপও কমে যাচ্ছে। ফাইনালের আগে মহড়ায় পুরোটা সময় অংশ নিতে পারিনি। প্রস্তুত হয়েও শেষ পর্যন্ত সকালটা নিজের ঘরে শুয়ে কাটাতে হয়েছে। এখন শরীর কিছুটা ভালো, বিকেলের দিকে রিহার্সাল করতে পেরেছি। তবে গলাব্যথার কারণে কথা বলতে পারছি না। আপনার বাকি প্রশ্নগুলোর উত্তর তাই লিখে দিচ্ছি।”

প্রিলিমিনারি রাউন্ডের সময় তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল, সে বিষয়ে তিনি বলেন, “হ্যাঁ। কীভাবে যে প্যারাসিটামল খেয়ে মঞ্চে উঠেছি, আমি ছাড়া কেউ বুঝতে পারবে না।”

দেশের মানুষের প্রত্যাশা ও সমর্থন সম্পর্কে মাহি বলেন, “সেটা আমিও দেখতে পাচ্ছি। এত কম সময়ের প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। তারপরও মানুষের ভালোবাসা আর ভোট আমাকে মুগ্ধ করেছে।”

যাঁরা তাঁকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশের দর্শক, আমার দেশের মানুষ, যাঁরা এত দিন ধরে আমাকে ভালোবেসে, ভরসা করে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাচ্ছেন, ফাইনালের আগে তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও ভোট আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে। এত বড় একটা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক গর্বের, অনেক আবেগের।”

চূড়ান্ত পর্বের প্রত্যাশা নিয়ে মাহি বলেন, “ফাইনাল নিয়ে আমার প্রত্যাশা অনেক। আমি চাই নিজের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশকে তুলে ধরতে। আমার পারফরম্যান্স দেখে দেশের মানুষ যেন গর্বিত হতে পারেন, সেই চেষ্টা থাকবে। ফলাফল যা-ই হোক, আমি চাই বাংলাদেশের নামটা মানুষের মনে থাকুক।”

দর্শক ভোটে বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা প্রসঙ্গে তিনি বলেন, “ভোটের খবর নিয়মিত রাখছি। বাংলাদেশের মানুষের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তা সত্যিই অভাবনীয়। তবে শেষ মুহূর্তের এই কয়েক ঘণ্টায় দেশের মানুষের সমর্থন খুব গুরুত্বপূর্ণ। সবাইকে অনুরোধ করব, শেষ মুহূর্ত পর্যন্ত ভোট দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের প্রতিটি ভোট আমার জন্য এখন আরও মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।”