পুয়ের্তো রিকোতে আগামীকাল ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত এই লড়াইয়ের আগে প্রতিযোগীদের ব্যস্ত সময় কাটছে মহড়া এবং বিভিন্ন আনুষ্ঠানিকতায়। এরই মধ্যে ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড, যেখানে নিজেদের উপস্থাপনের সুযোগ পেয়েছেন সব দেশের প্রতিনিধিরা। এই প্রিলিমিনারি রাউন্ডের দুটি বিশেষ পর্বে অংশ নিয়ে বিশ্বমঞ্চে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সুইমস্যুট এবং ইভনিং গাউন পর্বে তাঁর পোশাক নির্বাচন, সাজসজ্জা এবং মঞ্চ উপস্থাপনায় ছিল এক অনন্য ভিন্নতা।

প্রিলিমিনারি রাউন্ডের সুইমস্যুট পর্বে মাহিকে দেখা গেছে বরফনীল ও ল্যাভেন্ডার রঙের এক চমৎকার সংমিশ্রণে তৈরি ফিটেড জাম্পস্যুটে। লম্বা হাতা এবং উঁচু গলার এই পোশাকটির মূল আকর্ষণ ছিল এর নিখুঁত কাট এবং শরীরের সঙ্গে মানানসই সিলুয়েট। প্রচলিত সুইমস্যুটের পরিবর্তে এই জাম্পস্যুটটি বেছে নিয়ে মঞ্চে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন মাহি।

এই জাম্পস্যুটটির সবচেয়ে নজরকাড়া অংশ ছিল এর পেছনে যুক্ত বিশাল স্বচ্ছ অর্গানজার কেপ। নীলাভ কাপড়ের এই কেপটি দুই পাশে হাতের সঙ্গে আটকানো ছিল, যার ফলে মঞ্চে হাঁটার সময় কাপড়টি দুই দিকে ছড়িয়ে পড়ছিল। এই দৃশ্যটি অনেকটা প্রজাপতির ডানা মেলার মতো মনে হচ্ছিল। তুলনামূলক সরল নকশার জাম্পস্যুটটিতে এই কেপটিই যোগ করেছে এক নাটকীয় মাত্রা।

অন্যদিকে, প্রিলিমিনারি রাউন্ডের ইভনিং গাউন পর্বে মাহি পরেছিলেন রুপালি আভাযুক্ত শ্যাম্পেন রঙের একটি ফিগার-হাগিং গাউন। শরীরের গড়ন অনুসরণ করে তৈরি এই পোশাকটির গলার অংশে ছিল স্বচ্ছ কাপড়ের ইলিউশন নেকলাইন। বুকের দুই পাশে রুপালি পাথর ও সিকুইনের কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছিল সূর্যরশ্মির মতো নকশা। গাউনটির নিচের অংশটি ছিল সরু। পোশাকটিতে বাড়তি নাটকীয়তা আনতে পেছনে যুক্ত করা হয়েছিল হালকা নীল রঙের একটি স্বচ্ছ কেপ।

ইভনিং গাউনের সাথে সামঞ্জস্য রেখে মাহি তাঁর চুল টেনে উঁচু করে খোঁপা বেঁধেছিলেন। কানে ছিল ঝলমলে পাথর বসানো ছোট দুল। চোখের সাজে ব্যবহার করেছেন গাঢ় আইশ্যাডো, আইলাইনার ও ঘন মাসকারা। ঠোঁটে ছিল হালকা গোলাপি ন্যুড লিপস্টিক। উজ্জ্বল ও মসৃণ ফিনিশের মেকআপে সম্পূর্ণ হয়েছিল তাঁর এই অভিজাত সাজ।

ফাইনালের আগে বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বোশের সঙ্গে একটি বিশেষ আয়োজনেও দেখা গেছে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিকে। আজ আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে ফাতিমা বোশের এক বছরের মিস ইউনিভার্স অধ্যায়। আগামীকাল তিনি নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন।

ফাতিমা বোশের সঙ্গে সেই আয়োজনে মাহি পরেছিলেন শ্যাম্পেন-সোনালি রঙের একটি ঝলমলে স্ট্র্যাপলেস গাউন। পোশাকটির নকশায় ছিল জেলিফিশের আকৃতির ছোঁয়া। সোনালি ঝিলমিলে কারুকাজ ও সূক্ষ্ম ঝালরের সমন্বয়ে গাউনটি ছিল আধুনিক ও আভিজাত্যপূর্ণ। আগের দুই সাজের তুলনায় এখানে মাহির চুল ছিল খোলা ও পরিপাটি। সেই সঙ্গে জমকালো মেকআপ পুরো সাজে এনেছে এক অনন্য গ্ল্যামার।