পুয়ের্তো রিকোতে মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। প্রতিযোগীদের ক্যাম্পে হঠাৎই হাজির হন গত আসরে দেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণকারী তানজিয়া জামান মিথিলা। দীর্ঘদিনের প্রিয় বন্ধুকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি মাহি। বিস্ময়, আনন্দ আর কান্নায় ভেসে ওঠে তাঁর মুখ। বন্ধুকে জড়িয়ে ধরার সেই মুহূর্তটি দুজনের জন্যই হয়ে ওঠে অত্যন্ত আবেগঘন ও বিশেষ এক স্মৃতি। বন্ধুর এই আকস্মিক উপস্থিতি যে তাঁকে এতটা আবেগপ্রবণ করে তুলবে, তা হয়তো আগে ভাবেননি মাহি।
বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৫ বছরের বেশি সময়ের বন্ধুত্ব, একসঙ্গে বড় হওয়া—আজ পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্সের মঞ্চে এই মুহূর্ত আমাদের দুজনের জন্যই কতটা স্পেশাল, ভাষায় প্রকাশ করা কঠিন। ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট জার্নি শেষ করে যখন সরাসরি মাহির কাছে ছুটে গেলাম আর জড়িয়ে ধরলাম, তখন মনে হলো আমাদের ছোটবেলার সব স্বপ্ন যেন আজ একসুতোয় গেঁথে গেছে।’
মাহির সাফল্যে গর্ববোধের কথা জানিয়েছেন মিথিলা। ফেসবুকে মাহিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘প্রিয় মাহি (মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬), তুই আজ শুধু নিজের জন্য নয়, পুরো বাংলাদেশকে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে প্রতিনিধিত্ব করছিস। তোর এই পরিশ্রম, আত্মবিশ্বাস আর সততা আমার বুকটা গর্বে ভরে দেয়। তোর পাশে থাকতে পেরে, এই ঐতিহাসিক মুহূর্তে তোর হাতটা ধরে রাখতে পেরে আমার কী যে আনন্দ হচ্ছে, তা বোঝাতে পারব না।’
শুধুমাত্র বন্ধুর সঙ্গে দেখা করতেই নয়, বরং মাহির প্রতি পূর্ণ সমর্থন জানাতেই পুয়ের্তো রিকোতে গিয়েছেন মিথিলা। তাঁর ফেসবুক পোস্টে তিনি সবাইকে মাহির পাশে দাঁড়ানোর এবং পিপলস চয়েস ভোটে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের মেয়েটাকে জিতিয়ে আনতে হবে!’
মাহি ও মিথিলার বন্ধুত্বের ইতিহাস বেশ দীর্ঘ, যা ১৫ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। গতবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন মিথিলা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার মাহির প্রস্তুতিতেও বিশেষ সহযোগিতা করেছেন তিনি। পোশাক নির্বাচন, সাজসজ্জা এবং প্রতিযোগিতার বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে মাহিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন মিথিলা। মুক্তকণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি মিথিলাকে নিজের বড় বোন এবং সবচেয়ে বড় সমর্থনদাতা হিসেবে উল্লেখ করেছেন।
এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার পথটি মাহির জন্য ছিল বেশ নাটকীয়। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জয় করেন তিনি। এরপর মাত্র কয়েক দিনের প্রস্তুতি নিয়ে ৮ নভেম্বরই পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে দেশ ছাড়েন মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত আয়োজন।
মডেলিংয়ের মাধ্যমেই বিনোদন জগতে প্রবেশ করেন মাহি। তাঁর প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। ২০১৪ সালে ‘রং আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে তিনি প্রথমবার পরিচিতি পান। পরবর্তীতে র্যাম্প, ফ্যাশন শো এবং বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তিনি। ‘তরুণ তুর্কী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি হলেও ক্যারিয়ারের শুরুর দিকে অসুস্থতার কারণে প্রায় তিন বছর মডেলিং ও অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে। দীর্ঘ বিরতির পর ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত হয়ে ওঠেন মাহি। তাঁর অভিনয়জীবনে ‘গার্লস স্কোয়াড’ সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। মাহির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত তিনি ১২০টির বেশি নাটকে অভিনয় করেছেন।