শিরিন শিলা, আনিকা আলম এবং তানজিয়া জামান মিথিলার পর এবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। সম্প্রতি অনুষ্ঠিত মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতায় মুকুট জিতেছেন তিনি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করবেন সামিরা।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর জমকালো আয়োজন সম্পন্ন হয়। সেখানেই সামিরাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন তিনি।
বিশ্বের এই মর্যাদাপূর্ণ মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত সামিরা। মুক্তকণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ, জীবনে প্রথমবার এমন একটা সুযোগ পেয়েছি, যেখানে আমি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরব। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষকে তুলে ধরতে চাই। অভিনয়শিল্পী হিসেবে দেশের মানুষ আমাকে অনেক সমর্থন করেছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা হয়নি। এটা আমার প্রথম আন্তর্জাতিক যাত্রা। অনেক উচ্ছ্বসিত, একই সঙ্গে নার্ভাসও। খুব অল্প সময়ের মধ্যে এই ঘোষণা এসেছে। পাঁচ দিন আগে সিদ্ধান্ত হয়েছে, আমি যাচ্ছি। একটা দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা এত সহজ নয়, খুবই কঠিন।’
আন্তর্জাতিক আসরের প্রস্তুতির জন্য হাতে সময় খুব কম থাকলেও পাশে পাচ্ছেন মিস ইউনিভার্সের আগের আসরের অভিজ্ঞ প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে। সামিরার কাছে মিথিলা বড় বোন ও বন্ধুর মতো। পোশাক নির্বাচন, সাজসজ্জা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিতে সার্বিক সহযোগিতা করছেন মিথিলা।
এই বিষয়ে সামিরা বলেন, ‘একটা সুবিধা হচ্ছে, এর ঠিক আগের আসরে আমার খুব কাছের বড় বোন, বন্ধু মিথিলা আপু ছিলেন। তিনি পাঁচ দিন ধরে আমাকে সার্বক্ষণিকভাবে দেখভাল করছেন। আমার কস্টিউম, স্টাইলিং—সবকিছুতে সহযোগিতা করছেন। আমি খুবই ভাগ্যবান, তাঁর মতো একজন বড় বোন ও বন্ধুকে পাশে পেয়েছি। তিনি নিজেও মিস ইউনিভার্সে অংশ নিয়ে অনেক কৌশল শিখেছেন। আমার হয়তো আগে এই আয়োজনে যাওয়ার অভিজ্ঞতা হয়নি, কিন্তু আপুর কাছ থেকে যা শিখেছি, তা সারা জীবনের অভিজ্ঞতার মতো। মিথিলা আপু আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবেন।’
উল্লেখ্য যে, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন। তাঁদের এই ধারাবাহিকতাকে বজায় রেখেই এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।