মিস ইউনিভার্সের বর্তমান আসরে চলছে ফ্যান ভোটিং পর্ব। এই প্রক্রিয়ায় ভোটাররা তাদের পছন্দের তারকাকে ভোট দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে রাখার সুযোগ পাচ্ছেন। এই ভোটিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী সামিরা খান মাহি এবং দেশবাসীর সমর্থন ও ভোট প্রার্থনা করছেন তিনি। মুক্তকণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করে মাহি বলেন, ‘আমি বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এসেছি। এখানে আপনাদের হয়ে আমি প্রতিযোগিতা করছি। আমরা যদি নিজেদের সার্পোট না করি, তাহলে আমার কিছু বলার নেই।’

এদিকে আজ বুধবার নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এক সুখবর শুনিয়েছেন সামিরা খান মাহি। তিনি সেখানে লিখেছেন, ‘বাংলাদেশ! আজকের মিস ইউনির্ভাস ২০২৬–এর ফ্যান ভোটিং আপডেটে এখন পর্যন্ত সর্বাধিক ভোটপ্রাপ্ত সেরা ৩০ জন প্রতিযোগীর মধ্যে আমিও জায়গা করে নিয়েছি।’ তবে এটি যে চূড়ান্ত ফলাফল নয়, তা মনে করিয়ে দিয়ে মাহি উল্লেখ করেন, ‘এটি শুধুই আজকের ভোটিং আপডেট। এটা চূড়ান্ত কোনো ফলাফল নয়। আমাদের লড়াই এখনো চলছে, আর এই যাত্রায় আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি!’

কিভাবে ভোটাররা তাকে ভোট দিতে পারবেন, সেই প্রক্রিয়া বিস্তারিত জানিয়ে মাহি বলেন, ‘আমাকে এমইউ ফ্যান অ্যাপস ডাউনলোড করে ভোট সেকশনে গিয়ে মিস ইউনির্ভাস বাংলাদেশ সেকশনে গিয়ে আপনার ফ্রি ভোটটি দিন। আপনাদের প্রতিটি ভোট আমার জন্য অত্যন্ত মূল্যবান। সবাই ভোট দিন, পোস্টটি শেয়ার করুন এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করুন। চলুন, সবাই মিলে বাংলাদেশকে নিয়ে যাই একদম শীর্ষে।’

তবে এই পুরো প্রক্রিয়ায় কিছু নেতিবাচক দিক লক্ষ্য করে মনঃক্ষুণ্ন হয়ে পড়েন মাহি। তিনি আক্ষেপ করে বলেন, ‘এখন পর্যন্ত একই ভোটাররা বারবার ভোট করছেন। নতুন ভোট কম পাচ্ছি। কিন্তু অনেকেই আমার ভিডিও নানাভাবে ভিউ আনতে ব্যবহার করছেন। অথচ আপনারা চাইলে আমাকে ভোট করতে পারেন, সবাইকে উৎসাহিত করতে পারেন। আর এখন ফেসবুক, ইনস্টাগ্রাম নেতিবাচক মন্তব্য করবেন না। সব মাধ্যমেই কী ধরনের মন্তব্যে আসে, সেটা লক্ষ করা হয়। ট্রানস্লেটর আছে। তারা নানা কিছু লক্ষ্য করেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিব্রতকর ও নেতিবাচক মন্তব্যের বিরূপ অভিজ্ঞতা নিয়ে সামিরা খান জানান, অনেকেই তাঁর ফেসবুক পোস্টে অশালীন বা বিব্রতকর কথা লিখছেন। তাঁদের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আগে আমাকে ভোট দিন। আপনারা আমাকে উল্টাপাল্টা মন্তব্য করার জন্য সারা জীবন পাবেন, কিন্তু এখন নয়। প্লিজ, আপনারা আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আমাকে নিয়ে আপনাদের কি পারসেপশন, জানি না। আমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসেছি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। এখানে অনেকেই কিন্তু আমাকে প্রায়োরিটি দিচ্ছেন। গুরুত্বসহকারে দেখেছেন, ভিডিও করছেন। আপনারাও আমাকে ভোট দিয়ে এগিয়ে রাখবেন প্লিজ।’

উল্লেখ্য, আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর মিস ইউনিভার্সের ৭৫তম সংস্করণে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে গত ৮ নভেম্বর তিনি দেশ ছেড়ে পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে রওনা হন। এবারের আসরটি আয়োজন করা হয়েছে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে। ১১ নভেম্বর থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, যেখানে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার চূড়ান্ত আয়োজন।