বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসরটি বেশ বিশেষ। কারণ, এই বছর আয়োজনটি মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকী হিসেবে উদযাপিত হচ্ছে। এবারের প্রতিযোগিতার আয়োজক হিসেবে দায়িত্ব নিয়েছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকো। তবে এই বিশেষ আয়োজনের মাঝেই নানা প্রতিকূলতার মুখে পড়েছেন আয়োজকরা। পরিকল্পনা অনুযায়ী এবার ১২১টি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা থাকলেও, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ১৫টি দেশের প্রতিযোগী এই আসরে অংশ নিতে পারছেন না। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তা নিয়ে আলোচনা চলছে।

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হিসেবে নির্বাচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি ইতিমধ্যেই পুয়ের্তো রিকোতে পৌঁছে গেছেন। প্রতিযোগীদের জন্য ভেন্যুতে উপস্থিত হয়ে নিবন্ধন করার সময়সীমা ছিল ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক দেশের প্রতিযোগী পুয়ের্তো রিকোতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।

১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক আয়োজন। সেই হিসেবে আজ ১১ নভেম্বর প্রতিযোগীদের উদ্বোধনী প্যারেডে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে খবর পাওয়া গেছে যে, প্রায় ১৫টি দেশের প্রতিযোগী এবার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। অংশ নিতে না পারার পেছনে বিভিন্ন ধরনের জটিলতা কাজ করেছে বলে জানা গেছে।

জানা গেছে, কিছু দেশের প্রতিযোগীরা ভিসা জটিলতার কারণে এবারের আয়োজনে অংশ নিতে পারছেন না। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত বিরোধের কারণে এশিয়ার ছয়টি দেশকে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। আবার কেউ কেউ দুর্ঘটনার শিকার হয়ে প্রতিযোগিতার বাইরে চলে গেছেন।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে এক পোস্টে মিস ইউনিভার্স অস্ট্রিয়া ভিক্টোরিয়া আমেরসন জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে মিস ইউনিভার্স ২০২৬ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, ‘এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাকে নিজের সঙ্গে, নিজের মূল্যবোধের সঙ্গে সৎ থাকতে হবে। পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।’

সড়ক দুর্ঘটনার কারণে মিস ইউনিভার্স বুলগেরিয়া আনা–মারিয়া এবারের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সড়ক দুর্ঘটনার কারণে আমাদের মিস ইউনিভার্স বুলগেরিয়া আনা মারিয়ার শারীরিক অবস্থা এমন যে তিনি মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবেন না।’ এই মুহূর্তে প্রতিযোগীর সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আয়োজকরা। তবে শোনা যাচ্ছে, মিস ইউনিভার্স বুলগেরিয়ার প্রথম রানারআপ মূল আসরে অংশ নিতে পারেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন ক্যারিবীয় দ্বীপ সেন্ট মার্টিনের প্রতিনিধি ম্যাডলি মারিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘অনেক ভেবেচিন্তে এবং গভীর আবেগ নিয়ে জানাচ্ছি, মিস ইউনিভার্সের এই যাত্রা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত কারণে এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। অনেক কৃতজ্ঞতা ও আগ্রহ নিয়ে আমি এই সুযোগ গ্রহণ করেছিলাম।’

এশিয়ার ৬টি দেশের প্রতিযোগী এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। দেশগুলো হলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। করপোরেট ও ফ্র্যাঞ্চাইজি–সংক্রান্ত বিরোধের কারণে ৭৫তম আসরে দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, লাওস ও মালয়েশিয়া ছাড়া বাকি দেশগুলোর প্রতিযোগীরা বেশ সম্ভাবনাময় ছিলেন।

এছাড়া ভিসা জটিলতার কারণে আটকে গেছে বেশ কিছু দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার সুযোগ। যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত বিধিনিষেধের কারণে এবার মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্রের সুন্দরীরা।

অন্যদিকে, কোনো কারণ উল্লেখ না করেই আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন মিস ইউনিভার্স মালদ্বীপের বিজয়ী আমিনাথ ইউইন মোহাম্মদ। একইভাবে সরে দাঁড়িয়েছেন মিস ইউনিভার্স মরক্কো সারা আল্লালি। এই দুই প্রতিযোগী কেউই প্রকাশ্যে তাদের সরে দাঁড়ানোর কারণ জানাননি।