স্বাগতিক দেশের দর্শকদের তুমুল সমর্থন আর নিজের মেধার জোরে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতে নিয়েছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেত্তো। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে তাকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। প্রথম প্রশ্নটি ছিল তার নিজের পছন্দ করা একজন বিচারকের পক্ষ থেকে, আর দ্বিতীয় প্রশ্নটি ছিল সেরা পাঁচ প্রতিযোগীর জন্য নির্ধারিত একটি অভিন্ন প্রশ্ন। এই দুই প্রশ্নের উত্তরেই জেনিফার তার বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন।

প্রতিযোগিতার প্রথম প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বর্তমানে যেভাবে বাড়ছে, এই পরিস্থিতিতে মানুষের এমন কোন মূল্যবোধ আমাদের কখনো হারানো উচিত নয়?

এর জবাবে জেনিফার বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। তাই এটি ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমাদের মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে আমাদের সেই মূল্যবোধগুলো আর অক্ষুণ্ন থাকবে না। মূল্যবোধই আমাদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে, শেখায় নিজেদের প্রকৃত সত্তার প্রতি বিশ্বস্ত থাকতে।”

এরপর দ্বিতীয় প্রশ্নে তাকে জানতে চাওয়া হয়, এই মুহূর্তে বিশ্বনেতাদের কাছ থেকে পৃথিবী সবচেয়ে বেশি কী প্রত্যাশা করে?

এই প্রশ্নের উত্তরে জেনিফার বারেত্তো বলেন, “আমি মনে করি, পৃথিবীর এখন এমন নেতা প্রয়োজন, যাঁরা একই সঙ্গে দক্ষ ও সহমর্মী। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে আমরা প্রায়ই অন্যকে জাজ করি ও প্রশ্নের মুখে দাঁড় করাই। কিন্তু নিজেদের অবস্থানে দৃঢ় থাকা, দৃষ্টান্ত স্থাপন করা ও নেতৃত্বের মানদণ্ড আরও উঁচুতে তুলে ধরার দায়িত্ব আমাদের নেতাদেরই।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও নেতৃত্বের দর্শন তুলে ধরে তিনি আরও যোগ করেন, “একজন ভবিষ্যৎ নেতা হিসেবে আমি প্রজন্ম থেকে প্রজন্মে প্রভাব বিস্তার করতে পারে—এমন দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে চাই। আর মানুষের প্রয়োজনের কথা মন দিয়ে শোনার মাধ্যমেই সেটি সম্ভব। মানুষের প্রয়োজন বুঝে সেই অনুযায়ী ক্ষতিকর আচরণ প্রতিরোধের কৌশল ঠিক করতে পারলেই প্রকৃত পরিবর্তন আসে।”

মিস ইউনিভার্স লাইভ সূত্রে জানা গেছে, জেনিফারের এই পরিপক্ক ও মানবিক দৃষ্টিভঙ্গিই তাকে প্রতিযোগিতার বাকিদের থেকে আলাদা করে তুলেছে এবং শেষ পর্যন্ত মুকুট জয়ের পথে পৌঁছে দিয়েছে।