মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর ঘিরে এখন বিশ্বজুড়ে ব্যাপক উত্তেজনা। এই বিশেষ মাইলফলক উদযাপনে বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে এক অনন্য ও চোখধাঁধানো মুকুট। গত ১২ নভেম্বর পুয়ের্তো রিকোতে আনুষ্ঠানিকভাবে এই মুকুটের উন্মোচন করা হয়। ১৮ ক্যারেটের সাদা সোনায় নির্মিত এই মুকুটটিতে বসানো হয়েছে মোট ৩ হাজার ১৫০টি ব্রিলিয়ান্ট কাটের হীরা। মুকুটের বিশেষত্ব হলো এর সামনের অংশে থাকা তিনটি হীরা, যা মিস ইউনিভার্সের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে নির্দেশ করে।

স্থানীয় সময় ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব (বাংলাদেশ সময় ২৫ নভেম্বর ভোরে)। সেখানেই গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন মিস ইউনিভার্সের মাথায় এই মুকুট পরিয়ে দেবেন। তবে মুকুটের পাশাপাশি এবারের বিজয়ীর জন্য আরও অনেক আকর্ষণীয় সুযোগ-সুবিধা অপেক্ষা করছে।

মিস ইউনিভার্সের দীর্ঘ ইতিহাসে এটি ১৪তম নকশার মুকুট। এই মুকুটের নাম দেওয়া হয়েছে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’, যার বাংলা অর্থ ‘চিরন্তন ঐতিহ্যের দীপ্তি’। ১২ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানের প্লাজা লাস আমেরিকাস বিপণিবিতানে ‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’ শীর্ষক আয়োজনে মুকুটটি সবার সামনে আনা হয়। ভেনেজুয়েলার প্রখ্যাত গয়না ডিজাইনার জর্জ উইটেলস এই মুকুটের নকশা করেছেন এবং প্যারিসের বিলাসবহুল গয়না নির্মাতা প্রতিষ্ঠান মেজোঁ দ’অর এটি তৈরি করেছে।

মুকুটের পেছনের অংশে নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ৭৫ সংখ্যাটি, যা প্রতিযোগিতার ৭৫তম আসরকে স্মরণ করিয়ে দেয়। মুকুটের সামনের তিনটি হীরার আলাদা তাৎপর্য রয়েছে। আয়োজকদের মতে, বাঁ দিকের হীরাটি অতীতের প্রতীক। মিস ইউনিভার্সের দীর্ঘ পথচলায় যেসব নারী নানা বাধা পেরিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং পরবর্তী প্রজন্মের জন্য পথ প্রশস্ত করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই হীরাটি বসানো হয়েছে। ডান দিকের হীরাটি বর্তমানের প্রতীক, যা নেতৃত্ব ও সামাজিক উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনছেন সেই নারীদের প্রতিনিধিত্ব করে। আর কেন্দ্রের সবচেয়ে বড় হীরাটি হলো ভবিষ্যতের প্রতীক, যা আগামী প্রজন্মের নারীদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।

১৯৫২ সালে প্রথম আসর থেকে এ পর্যন্ত মুকুটের নকশায় এসেছে নানা পরিবর্তন। প্রথম আসরে ফিনল্যান্ডের আরমি কুসেলার মাথায় ছিল ১ হাজার ৫২৯টি হীরাখচিত ‘রোমানভ ইম্পেরিয়াল নাপশিয়াল ক্রাউন’। এছাড়া অত্যন্ত আলোচিত ‘মিকিমোটো ফিনিক্স ক্রাউন’-এ ছিল ৫০০টি হীরা এবং ১২০টি সাউথ সি ও আকোয়া মুক্তা। ২০২৪ ও ২০২৫ সালের আসরে ব্যবহৃত ‘লুমিয়ের দ্য লাঁফিনি’ মুকুটটি তৈরি করেছিল ফিলিপাইনের জুয়েলমার প্রতিষ্ঠান, যাতে সোনা, প্লাটিনাম, হীরা ও ২৩টি সোনালি সাউথ সি মুক্তা ছিল। এবার সেই ঐতিহ্যের উত্তরাধিকারী হবে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’।

সাধারণত বিজয়ী নারী এক বছর এই মুকুট ব্যবহারের সুযোগ পান। বিভিন্ন আন্তর্জাতিক সফর, ফটোশুট ও দাতব্য কার্যক্রমে তিনি এটি পরিধান করেন। মেয়াদ শেষে মূল মুকুটটি আয়োজকদের ফেরত দিতে হয়, তবে অনেক সময় স্মারক হিসেবে একটি রেপ্লিকা দেওয়া হয়।

বিজয়ীর প্রাপ্তি সম্পর্কে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যে অনেক কিছু জানা যায়। অর্থনৈতিক সুবিধা, বিলাসবহুল আবাসন, নামী ডিজাইনারের পোশাক এবং বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ থাকে বিজয়ীর জন্য। ব্লুমবার্গ লিনিয়া ও ইকুয়েডরের এল ইউনিভার্সোর প্রতিবেদন অনুযায়ী, মিস ইউনিভার্স বিজয়ীর বার্ষিক পারিশ্রমিক আনুমানিক ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা। এছাড়া আনুষ্ঠানিক দায়িত্ব পালনের জন্য মাসিক ৫০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৬২ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে, যদিও এটি ব্যক্তিগত আয় নয় বরং সাংগঠনিক ব্যয় নির্বাহের জন্য। তবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই অর্থের পরিমাণ নিশ্চিত করেনি।

আবাসনের ক্ষেত্রে নিউইয়র্কে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সুবিধা পান বিজয়ী। পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনারদের পোশাক, গয়না এবং পেশাদার মেকআপ ও হেয়ার স্টাইলিস্টের সেবা পান তিনি। দায়িত্ব পালনকালে বিশ্বের বিভিন্ন দেশ সফরের সুযোগ থাকলেও তা কেবল ভ্রমণের জন্য নয়, বরং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, মানবিক উদ্যোগ ও সচেতনতামূলক প্রচারণার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অংশ হিসেবে হয়। এসব সফরের যাবতীয় ব্যয় বহন করে আয়োজক প্রতিষ্ঠান।

মিস ইউনিভার্সের খেতাব একজন নারীর পেশাগত জীবনে নতুন দিগন্ত খুলে দেয়। বিজ্ঞাপন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আন্তর্জাতিক প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়। যেমন, গত আসরের বিজয়ী ফাতিমা বশ আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড গেসের প্রচারণার মুখ হয়েছেন, যার বিজ্ঞাপন মেক্সিকো সিটির বিভিন্ন স্থানে দেখা গেছে। এই সুযোগগুলো কেবল দায়িত্ব পালনের এক বছরেই সীমাবদ্ধ থাকে না, বরং দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়তে সাহায্য করে।