মিস ইউনিভার্সের বর্তমান আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন তিনি। শেষ পর্যন্ত স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেত্তো মুকুট জয় করেন। প্রতিযোগিতার সমাপ্তির পর দেশের মানুষের প্রতি এক আবেগঘন বার্তা দিয়েছেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখিত।

ফেসবুক পোস্টের শুরুতেই সামিরা খান মাহি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।’ বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করার তীব্র ইচ্ছা ছিল সামিরার। সেই লক্ষ্য অর্জনে তিনি নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলেও উল্লেখ করেন।

মাহি তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।’ তবে প্রতিযোগিতার ফলাফল নিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারার গভীর আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের আশা অনুযায়ী গর্বিত করতে না পারলে আমি ক্ষমাপ্রার্থী।’

জীবনের সব প্রচেষ্টা যে সবসময় কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনে না, সেই উপলব্ধির কথা সামনে এনেছেন মাহি। তাঁর মতে, প্রত্যাশা অনুযায়ী ফল না এলেও প্রতিটি চেষ্টার নিজস্ব মূল্য থাকে। কিছু অভিজ্ঞতা, বিশেষ মুহূর্ত এবং অনুভূতি সারা জীবন স্মৃতি হয়ে থাকে। মাহি লিখেছেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

পোস্টের শেষ অংশে দেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা জানিয়ে মাহি লিখেছেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’ প্রতিযোগিতায় মুকুট জিততে না পারলেও দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনকে তিনি সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে গণ্য করছেন। তাঁকে বিশ্বাস করার জন্য, পাশে থাকার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।