প্রায় তিন দশকের দীর্ঘ ব্যবধানের পর দেখা হলো পুরনো বন্ধুদের। একসময় একই বিদ্যালয়ে পড়াশোনা করলেও সময়ের আবর্তে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাঁদের যোগাযোগ। সম্প্রতি কুলাউড়া পৌর শহরের রাস্তার পাশে এক জরাজীর্ণ ভ্যানে ঝালমুড়ি বিক্রি করতে গিয়েই ধরা পড়েন সেই পুরনো সহপাঠী। তাঁর এই করুণ দশা দেখে এগিয়ে এলেন মোহাম্মদ নূরুল ইসলাম খান। বন্ধুর এই দুরবস্থার কথা জানতে পেরে তিনি দ্রুত অন্যান্য সহপাঠীদের খবর দেন। এরপর সবাই মিলে প্রায় ২৫ হাজার টাকা চাঁদা তুলে সেলিম উদ্দিন (৪৭)-এর জন্য একটি নতুন ভ্যান কিনে দেন তাঁরা।
গতকাল সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় সেলিমকে নতুন ভ্যানটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। এই আবেগঘন মুহূর্তে তাঁর সহপাঠী মিশকাত মজিদ, তাফহীম আহমদ, সাকেল আহমেদ, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির জামান খান, সঞ্জয় দেবনাথসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সেলিমের বাড়ি কুলাউড়া শহরের শিবির এলাকায়। তাঁর বাবা ইন্তেকাল করেছেন। বর্তমানে বৃদ্ধ মা, স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে তাঁর ছোট সংসার। শারীরিক অসুস্থতা এবং চরম অভাবের কারণে নবম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। সেই সময়েই সহপাঠীদের সঙ্গে তাঁর সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘটনার বর্ণনা দিয়ে নূরুল ইসলাম খান বলেন, ‘১০-১৫ দিন আগে মিলি প্লাজায় (স্থানীয় একটি বিপণি) কেনাকাটা করতে যাই। হঠাৎ ঝালমুড়ি খাইতে মন চাইল। মার্কেটের সামনেই ভ্যানে একজন ঝালমুড়ি বিক্রি করছিলেন। পুরান-ভাঙাচোরা ভ্যান। ঝালমুড়ি বানানোর সময় কথা বলতে বলতে জানলাম, দোকানদার আমাদেরই সহপাঠী সেলিম। নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে একলগে পড়তাম। ক্লাস নাইন থেকে তারে আর খুঁজে পাইনি। আমিও বেশ কয়েক বছর চীনে ছিলাম। সেলিমের লগে অনেক কথা হইল। নিজের, পরিবারের অনেক কথা কইল। ভাঙাচোরা ভ্যানের কষ্টটাই তার বেশি মনে হইল।’
তিনি আরও জানান, ‘মেসেঞ্জারে আমাদের এসএসসি ৯৪ ব্যাচের একটি গ্রুপ আছে। সেখানে সেলিমের বিষয় নিয়ে আলোচনা করলাম। অনেকে সাড়া দিল। প্রায় ২৫ হাজার টাকা চাঁদা তুলি সেলিমের লাগি একটি ভ্যান তৈরি করলাম। সহপাঠী-বন্ধুর পাশে সবাই মিলে দাঁড়াইলাম আরকি।’
নতুন ভ্যানটি পেয়ে অত্যন্ত আনন্দিত সেলিম উদ্দিন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘ক্লাস নাইনে উঠে হঠাৎ টাইফয়েড রোগ হইল। স্কুলে যাওয়া বন্ধ হই গেল। আব্বা দিনমজুরি করতেন। সংসার, আমার চিকিৎসার খরচ চালানি খুব কষ্ট হইছিল। অসুখ কমতে অনেক দিন সময় লাগল। এর মাঝে ক্লাসের বন্ধুরা এসএসসি পাস করি কলেজে উঠল। লেখাপড়া নিয়া তারা ব্যস্ত হই গেল।’
জীবিকার তাগিদে একসময় রাস্তার পাশে পান-সিগারেট বিক্রি করেছেন সেলিম। পরবর্তীতে মুদিদোকানে কাজ নিলেও সেই সামান্য আয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। অবশেষে পরিচিত একজনের কাছ থেকে একটি পুরনো ভ্যান ধার নিয়ে বছরখানেক আগে তিনি ঝালমুড়ি বিক্রি শুরু করেন। তবে ভ্যানটি অত্যন্ত পুরনো হওয়ায় প্রায়ই নষ্ট হয়ে যেত, যা তাঁর জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
নিজের খুশির কথা জানিয়ে সেলিম বলেন, ‘বন্ধুরা নতুন ভ্যান দেওয়ায় খুব উপকারে লাগছে। এখন আর টেনশন নাই। বন্ধুরার লাগি ঝালমুড়ি ফ্রি।’