যুক্তরাষ্ট্র থেকে দেশে বেড়াতে আসার পরপরই বিস্ফোরক আইনের মামলায় আসামি হয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়ে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত রোববার কুলাউড়া থানায় এই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় এম এম শাহীন ছাড়াও আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলাটি করেছেন উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক। এই বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম গতকাল মঙ্গলবার মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, “আসামি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে।”
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম এম শাহীন। তবে একই বছরের পরবর্তী নির্বাচনে দলীয় প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোট থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে জয়লাভ করেন। পরবর্তীতে তিনি পুনরায় বিএনপিতে ফিরে আসেন। তবে এক-এগারোর পর দলটির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। ২০১৮ সালে বিএনপির মনোনয়ন না পাওয়ায় তিনি বিকল্পধারায় যোগ দেন এবং আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেন। ২০২৪ সালেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে পরাজিত হন। এরপর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।
পুলিশ ও মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এম এম শাহীনের নির্দেশে অজ্ঞাতনামা ব্যক্তিরা কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে অবস্থিত বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও ভাঙচুর চালান। এরপর কার্যালয়ের জিনিসপত্র লুট করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বিএনপির নির্বাচনী কার্যালয় ও নেতা-কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার করিয়ে হয়রানি করার অভিযোগও আনা হয়েছে এই মামলায়।
অন্যদিকে, গত সোমবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর শহরে একটি মিছিল করা হয়। এই মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এম এম শাহীনের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, এম এম শাহীন গত ৯ নভেম্বর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। দেশে ব্যবহৃত তাঁর মুঠোফোন নম্বর সংগ্রহ করা সম্ভব না হওয়ায় মামলার বিষয়ে তাঁর ব্যক্তিগত বক্তব্য জানা যায়নি। তবে মামলার খবর পাওয়ার পর নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আট বছর পর হঠাৎ এই মামলা! আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত ও হতবাক!”