মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে নিয়মিত বিনামূল্যে পরামর্শ সহায়তা সভা আয়োজন করা হচ্ছে। এই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে কারওয়ান বাজারস্থ মুক্তকণ্ঠ কার্যালয়ে ১৮৩তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের বিশিষ্ট মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ বর্তমান সময়ে প্রজন্মের পরিবর্তনের সাথে সাথে প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের ধরনে যে পরিবর্তন এসেছে, সেই প্রেক্ষাপটে বাবা-মায়ের সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে অভিভাবকদের নিজেদের ভূমিকা কেমন হওয়া উচিত, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

এই বিষয়ে আলোকপাত করে মনোবিদ ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘আমাদের মনে রাখা উচিত যে প্যারেন্টিং নিজেই একটি বড় মানসিক চাপ। যারা বাবা-মা হচ্ছেন, তারাও একটি নির্দিষ্ট প্রজন্মের অংশ। আমাদের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক অবস্থা, সমাজের সাংস্কৃতিক রুচি এবং পারিবারিক মূল্যবোধের দিকে তাকালে বেশ কিছু ঘাটতি চোখে পড়ে। অনেক সময় বাবা-মায়েরা নিজেদের জীবনে সততা বজায় রাখেন না—সন্তানের সামনে এক কথা বলেন আর নিজে অন্য কাজ করেন, কিংবা পেশাগত জায়গায় দুর্নীতি করেন। অভিভাবক হিসেবে আমাদের নিজেদের আচরণ ও জীবনাচরণের পরিবর্তন না এনে শুধু সন্তানের ওপর দোষ চাপালে তো চলবে না। সন্তানের কাছ থেকে ইতিবাচক আচরণ আশা করার আগে আমাদের নিজেদের জায়গায় আরও সচেতন ও নৈতিক হতে হবে।’