মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৯ অক্টোবর কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৮৩তম অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ ওই আলোচনা থেকে প্রাপ্ত বিশেষ কিছু পরামর্শ এখানে তুলে ধরা হলো।

সময়ের পরিবর্তনের সাথে সাথে বর্তমান প্রজন্মের চিন্তাভাবনা ও আচরণের পরিবর্তন ঘটছে, যার ফলে প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের ধরনগুলোও বদলে যাচ্ছে। এই পরিবর্তিত সময়ে একজন অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব কী এবং প্যারেন্টিংয়ের ধরনগুলোকে আমরা কীভাবে শ্রেণিবদ্ধ করতে পারি, তা নিয়ে আলোকপাত করা হয়।

এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে ডা. রাহেনুল ইসলাম বলেন, “প্যারেন্টিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে মোটা দাগে চার ভাগে ভাগ করা যায়।” তিনি এই চারটি ধরন সম্পর্কে নিম্নোক্ত ব্যাখ্যা প্রদান করেন:

অথরিটেরিয়ান প্যারেন্টিং : এই পদ্ধতিতে সামরিক বাহিনীর মতো অত্যন্ত নিখুঁত ও কঠোর শৃঙ্খলা বজায় রাখা হয়। এখানে নিয়মকানুন অত্যন্ত কড়া থাকে এবং সামান্য ভুল বা পান থেকে চুন খসলে সন্তানকে কঠোর শাস্তির মুখে পড়তে হয়।

অথরিটেটিভ প্যারেন্টিং : এই ধরনের লালন-পালনে নিয়ম ও শৃঙ্খলার গুরুত্ব থাকলেও তার পাশাপাশি এক ধরনের সাম্য এবং পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ বজায় রাখা হয়।

পারমিসিভ প্যারেন্টিং : এই পদ্ধতিতে বাবা-মায়েরা অনেক সময় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন, “আমি আমার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু।” তবে ডা. রাহেনুল সতর্ক করে বলেন যে, বন্ধুত্ব হতে হবে সমান্তরাল লেভেলে। অর্থনৈতিক, সাংস্কৃতিক বা যুক্তি দেওয়ার ক্ষমতা সমান না হলে প্রকৃত বন্ধুত্ব হয় না। তাই বাবা-মাকে কিছু ক্ষেত্রে রোল মডেল হতে হয় এবং প্রয়োজনে ‘না’ বলার সাহস রাখতে হয়। যদি সবকিছু সন্তানের ইচ্ছামতো ছেড়ে দেওয়া হয়, তবে তা ভবিষ্যতে বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

ডিজার্গনাইজড প্যারেন্টিং : এই পদ্ধতিতে লালন-পালনের কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়ম থাকে না। এখানে দেখা যায় যে, ছোট কোনো অপরাধে অনেক বড় শাস্তি দেওয়া হয়, আবার অনেক বড় অপরাধের ক্ষেত্রে কোনো শাস্তি দেওয়া হয় না বা তেমন গুরুত্বও দেওয়া হয় না।