মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৯ অক্টোবর কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৮৩তম অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের বিশিষ্ট মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ এই বিশেষ আলোচনা সভা থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিচে তুলে ধরা হলো।

বর্তমান সময়ে একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে, দৈনন্দিন জীবনের ছোটখাটো মানসিক চাপ কিংবা স্বাভাবিক দুঃখকে অনেকেই ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’র মতো গুরুতর শব্দ দিয়ে প্রকাশ করছেন। এই ধরণের নামকরণ বা বিষয়টিকে মনোবিজ্ঞানের দৃষ্টিতে কীভাবে দেখা হয়, সেই প্রশ্ন করা হলে ডা. রাহেনুল ইসলাম উত্তর দেন, ‘শব্দ বা পরিভাষার শেষ নেই। দৈনন্দিন জীবনের স্বাভাবিক চাপ বা দুঃখকে যখন আমরা ট্রমা বা বিষণ্ণতা বলে ফেলি, তখন নামকরণ নিয়ে একধরনের বিভ্রান্তি তৈরি হয়। ক্লিনিক্যালি বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বিষণ্ণতা অত্যন্ত গুরুতর একটি পরিস্থিতি, যা বেশিরভাগ শিশু-কিশোরদের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়। গাণিতিকভাবে দেখলে, একটি দেশের মোট জনসংখ্যার ৫ থেকে ৮ শতাংশ মানুষ বিষণ্ণতায় ভোগে। যদিও কোভিড-পরবর্তী সময়ে এই সংখ্যাটি বিশ্বজুড়ে বেড়েছে এবং তরুণদের কোনো কোনো জনগোষ্ঠীর মধ্যে ডিপ্রেশনের হার ২০% ও ছাড়িয়ে গেছে, তবুও সবাই বিষণ্ণ হয়ে যাচ্ছে—এমনটা মনে করার কোনো কারণ নেই।’