মুক্তকণ্ঠ ট্রাস্টের এক বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা আয়োজন করা হয়। এই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৮৩তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের বিশিষ্ট মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ পুরো আলোচনাটি একটি সাক্ষাৎকারের আদলে নিচে তুলে ধরা হলো।
সাক্ষাৎকার শুরু হয় ডা. রাহেনুল ইসলামকে স্বাগত জানানোর মাধ্যমে। জবাবে তিনি বলেন, “ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।”
বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি যে, সাধারণ মানসিক চাপ বা দৈনন্দিন ছোটখাটো দুঃখকেও অনেকে ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’র মতো গুরুতর শব্দ দিয়ে সংজ্ঞায়িত করেন। এই প্রবণতাকে তিনি কীভাবে দেখছেন, তা জানতে চাওয়া হলে ডা. রাহেনুল ইসলাম বলেন, “দেখুন, শব্দ বা পরিভাষার তো শেষ নেই। দৈনন্দিন জীবনের স্বাভাবিক চাপ বা দুঃখকে যখন আমরা ট্রমা বা বিষণ্ণতা বলে ফেলি, তখন নামকরণ নিয়ে একধরনের বিভ্রান্তি তৈরি হয়। ক্লিনিক্যালি বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বিষণ্ণতা অত্যন্ত গুরুতর একটি পরিস্থিতি, যা বেশিরভাগ শিশু-কিশোরদের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়। গাণিতিকভাবে দেখলে, একটি দেশের মোট জনসংখ্যার ৫ থেকে ৮ শতাংশ মানুষ বিষণ্ণতায় ভোগে। যদিও কোভিড-পরবর্তী সময়ে এই সংখ্যাটি বিশ্বজুড়ে বেড়েছে এবং তরুণদের কোনো কোনো জনগোষ্ঠীর মধ্যে ডিপ্রেশনের হার ২০% ও ছাড়িয়ে গেছে, তবুও সবাই বিষণ্ণ হয়ে যাচ্ছে—এমনটা মনে করার কোনো কারণ নেই।”
শিশুরা বড় হওয়ার প্রক্রিয়ায় পৃথিবীকে জানার চেষ্টা করে, নানা প্রশ্ন করে এবং মাঝেমধ্যে বড়দের সাথে তর্কে জড়ায়। অনেক অভিভাবক একে ‘অবাধ্যতা’ বা ‘বেয়াদবি’ বলে মনে করেন। এই বিষয়ে তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, “বাচ্চাদের তর্ক করা বা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করাটা আসলে তাদের স্বাভাবিক বিকাশেরই অংশ। যখন একটি শিশু পৃথিবীকে চেনার চেষ্টা করে, স্বাধীনভাবে চিন্তা করতে শেখে এবং বছরের পর বছর ধরে চলে আসা নিয়মগুলোকে প্রশ্ন করে, তখন এটাকে আমাদের বরং স্বাভাবিক বিকাশ হিসেবে দেখা উচিত। কিন্তু অভিভাবক হিসেবে আমরা অনেক সময় এই প্রক্রিয়ার সঙ্গে অভ্যস্ত নই, কারণ আমরা ছোটবেলায় আমাদের অভিভাবকদের সঙ্গে এমন তর্ক করিনি। ফলে সন্তান কোনো যুক্তি খণ্ডন করতে গেলেই আমরা তাকে ‘অবাধ্য’ বা ‘বেয়াদব’ বলে ট্যাগ দিয়ে দিই এবং বাধা দেওয়ার চেষ্টা করি।”
শৈশব থেকে একা চলা শুরু করার সময়টিকে কি একটি বড় ক্রান্তিকাল হিসেবে দেখা যায়? এই প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল বলেন, “ঠিক তাই। বর্তমানে বা অতীতেও একজন শিশু হুট করে একা একা কোথাও যায় না, তার সঙ্গে কেউ না কেউ থাকে। কিন্তু যখন সে স্বাধীনভাবে একা একা চলাচল বা নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, সেই সময়টাকে একটা ক্রিটিক্যাল টাইম বা ক্রান্তিকাল বলা চলে। আর আমাদের নিজের মতো করে চলার বা স্বাধীনতা অর্জনের এই প্রক্রিয়াটি যখন শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই বাবা-মায়ের পক্ষ থেকেও কিছুটা কষ্ট বা মনস্তাত্ত্বিক টানাপোড়েন তৈরি হয়।”
সময়ের সাথে সাথে প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের ধরন বদলে যাচ্ছে। একজন অভিভাবকের করণীয় এবং প্যারেন্টিংয়ের ধরনগুলো সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সেগুলোকে প্রধানত চার ভাগে ভাগ করেন:
১. অথরিটেরিয়ান প্যারেন্টিং: “এখানে সামরিক বাহিনীর মতো নিখুঁত ও কঠোর শৃঙ্খলা বজায় রাখা হয়। নিয়মকানুন অত্যন্ত কড়া থাকে এবং পান থেকে চুন খসলে কঠোর শাস্তির মুখে পড়তে হয়।”
২. অথরিটেটিভ প্যারেন্টিং: “এখানে নিয়ম ও শৃঙ্খলার পাশাপাশি একধরনের সাম্য এবং বোঝাপড়ার পরিবেশ থাকে।”
৩. পারমিসিভ প্যারেন্টিং: এই ধরনের ক্ষেত্রে বাবা-মায়েরা প্রায়ই বলেন, “আমি আমার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু।” তবে ডা. রাহেনুল সতর্ক করে বলেন, বন্ধুত্ব হতে হবে সমান্তরাল স্তরে। অর্থনৈতিক, সাংস্কৃতিক বা যুক্তি দেওয়ার ক্ষমতা সমান না হলে প্রকৃত বন্ধুত্ব হয় না। বাবা-মাকে কিছু ক্ষেত্রে রোল মডেল হতে হয় এবং প্রয়োজনে ‘না’ বলার সাহস রাখতে হয়। সবকিছু সন্তানের ইচ্ছামতো ছেড়ে দিলে তা ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে।
৪. ডিজার্গনাইজড প্যারেন্টিং: “এখানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকে না। লঘুপাপে গুরুদণ্ড দেওয়া হয়, আবার অনেক বড় অপরাধে কোনো শাস্তি বা পাত্তাই দেওয়া হয় না।”
এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং অভিভাবকদের সচেতনতা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মনে রাখা উচিত যে প্যারেন্টিং নিজেই একটি বড় মানসিক চাপ। যারা বাবা-মা হচ্ছেন, তারাও একটি নির্দিষ্ট প্রজন্মের অংশ। আমাদের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক অবস্থা, সমাজের সাংস্কৃতিক রুচি এবং পারিবারিক মূল্যবোধের দিকে তাকালে বেশ কিছু ঘাটতি চোখে পড়ে। অনেক সময় বাবা-মায়েরা নিজেদের জীবনে সততা বজায় রাখেন না—সন্তানের সামনে এক কথা বলেন আর নিজে অন্য কাজ করেন, কিংবা পেশাগত জায়গায় দুর্নীতি করেন। অভিভাবক হিসেবে আমাদের নিজেদের আচরণ ও জীবনাচরণের পরিবর্তন না এনে শুধু সন্তানের ওপর দোষ চাপালে তো চলবে না। সন্তানের কাছ থেকে ইতিবাচক আচরণ আশা করার আগে আমাদের নিজেদের জায়গায় আরও সচেতন ও নৈতিক হতে হবে।”
প্রযুক্তির যুগে কিশোর-কিশোরীরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের নানা দিক দেখছে, যার কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক। এই বিষয়ে তার পর্যবেক্ষণ জানতে চাওয়া হলে তিনি বলেন, “একদম ঠিক বলেছেন। অনলাইনের কল্যাণে আমাদের কিশোররা পৃথিবীর অনেক ভালো দিক দেখছে। তারা দেখছে এমন একটা জগৎ যেখানে সাম্য আছে, রাস্তাঘাটে শৃঙ্খলা আছে, যত্রতত্র পোস্টার লাগানো নেই বা অযথা জ্যাম নেই। কিন্তু সমস্যা হলো, তারা রিয়েল লাইফ বা বাস্তব জীবনের সঙ্গে এটার কোনো মিল পায় না। এর ফলে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত—সব স্তরের কিশোরদের মধ্যেই একধরনের অদৃশ্য দ্বন্দ্ব তৈরি হয়। এমনকি আমাদের দেশের তরুণ সমাজের বড় একটা অংশের শেষ স্বপ্ন বা লক্ষ্যই হয়ে দাঁড়ায় যেভাবেই হোক দেশ ছাড়া। একজন আমেরিকান শিশু তো এই ধরনের দ্বন্দ্বে ভোগে না। এই সাংস্কৃতিক বিভ্রান্তি ও যাপিত জীবনের চাহিদার সংঘাতে আমাদের শিশুরা বেশ ফ্রাস্ট্রেটেড বা হতাশ হয়ে পড়ে, আর তাদের অনেক প্রশ্নের উত্তর আমাদের কাছে থাকে না।”
সন্তানদের কঠিন প্রশ্নের উত্তর সব সময় জানা সম্ভব হয় না। সেক্ষেত্রে করণীয় সম্পর্কে তিনি বলেন, “দেখুন, আমি একজন সাইকোথেরাপিস্ট হলেও পৃথিবীতে প্রকাশিত সমস্ত আর্টিকেল পড়ে ফেলেছি—এমন দাবি করতে পারব না। একজন কিশোর যখন কোনো কঠিন প্রশ্ন করে, তখন সব প্রশ্নের উত্তর আমি না-ও জানতে পারি। না জানার কারণে তাকে ধমক দেওয়া বা কোনো গোজামিল দিয়ে এড়িয়ে যাওয়া একদমই গ্রহণযোগ্য নয়। বরং আমাদের সততার সঙ্গে সাহসের সঙ্গে স্বীকার করা উচিত, “আমি এটা জানি না, তবে আমি এটা জেনে নেব।” এই স্বীকৃতিটুকু থাকা খুব জরুরি।”
কিশোরদের ক্ষেত্রে বিষণ্ণতা কীভাবে প্রকাশ পায় এবং অভিভাবকরা কোথায় ভুল করেন, সে বিষয়ে তিনি জানান, বড়দের মতো শিশুদের বিষণ্ণতা শুধু মন খারাপ দিয়ে প্রকাশ পায় না, বরং তাদের মেজাজ খিটখিটে হয়ে ওঠে। অভিভাবকরা একে প্রায়ই ‘অবাধ্যতা’ বা ‘বেয়াদবি’ বলে ভুল করেন। এছাড়া অনেকে শারীরিক সমস্যার কথা বলেন, যেমন মাথা ব্যথা বা ক্ষুধামন্দা। এর পেছনে সাইবার বুলিং বা সহপাঠীদের দ্বারা বুলিংয়ের মতো কারণ থাকতে পারে। তাই কোনো লেবেল সেঁটে না দিয়ে খোলামেলা যোগাযোগ এবং মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করা প্রয়োজন।
সন্তানের সাথে সম্পর্কের সেতুবন্ধন তৈরির কৌশল সম্পর্কে ডা. রাহেনুল ইসলাম বলেন, “প্রথম কথা হলো, আমরা সন্তানের 'বন্ধু' হতে পারব না, তবে 'ফ্রেন্ডলি' হতে পারি। আপনার কষ্টের কথা কি আপনি এমন কাউকে বলবেন যে শুনামাত্রই আপনাকে খোটা দেবে? কখনোই না। সন্তানের কোনো ভুল হলে বা সে যখন ফেইল করে, তখনই মূলত তার সবচেয়ে বেশি সমর্থনের প্রয়োজন হয়। তাকে কথা বলার সুযোগ দিন, কোনো বাধা না দিয়ে সর্বোচ্চ পাঁচ মিনিট চুপচাপ তার কথা শুনুন। সে যা বলল, তার থেকে এক-দুটি লাইন নিজে পুনরাবৃত্তি করুন, যাতে সে বুঝতে পারে যে আপনি তার কথা গুরুত্ব দিয়ে শুনেছেন।”
তিনি আরও পরামর্শ দেন যে, কথা বলার সময় মোবাইল বা অন্য ডিভাইসে ব্যস্ত না থেকে সামনাসামনি চোখে চোখ রেখে কথা বলতে হবে। সবশেষে তিনি বলেন, “আমাদের বয়স ও তাদের বয়সের মধ্যকার কালচারাল গ্যাপ (সাংস্কৃতিক দূরত্ব) মেনে নিতে হবে। আপনার আজকের ৩০ বা ৪০ বছরের অভিজ্ঞতা দিয়ে ১৪ বছরের একটি শিশুর জায়গায় দাঁড়িয়ে তাকে লেকচার দিলে কোনো লাভ হবে না; বরং মনে মনে আপনার নিজের ১৪ বছর বয়সের সময়টায় ফিরে গিয়ে তার পরিস্থিতিটা অনুধাবন করার চেষ্টা করতে হবে।”