মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২০ মে কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৭৮তম অনলাইন পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল। এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল— ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' অনুষ্ঠানের আলোচনা থেকে বিশেষ কিছু পরামর্শ এখানে তুলে ধরা হলো।
আলোচনার এক পর্যায়ে প্রশ্ন উত্থাপিত হয় যে, ই-সিগারেট, ভ্যাপিং ও মাদকের ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে পরিবার এবং সমাজের ভূমিকা ঠিক কী হওয়া উচিত?
এই প্রশ্নের উত্তরে অধ্যাপক ডা.মোহিত কামাল বেশ কিছু কার্যকর ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন:
আত্মবিশ্বাস তৈরি করা: সন্তানদের শুধু উপদেশ দিলে হবে না, তাদের মনের ভেতরে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বাড়াতে হবে । ছোটখাটো ভালো কাজের জন্য তাদের প্রশংসা করতে হবে, যাতে তারা নিজেদের দক্ষতাকে ভালোবাসতে শেখে।
বিকল্প সুস্থ বিনোদন: প্রতিটি আবাসন বা অ্যাপার্টমেন্টে বাচ্চাদের জন্য ক্যারামবোর্ড, ইনডোর গেমস বা ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা রাখতে হবে।
পারিবারিক লাইব্রেরি: ঘরের একটা কর্নারে ছোট হলেও লাইব্রেরি গড়ে তুলুন।বইয়ের প্রতি যদি বাচ্চাদের আকর্ষণ বাড়ানো যায়, তবে সন্ধ্যা হলেই তারা মোবাইলের পেছনে না ছুটে বইয়ের পাতায় ডুব দেবে।
কঠোর তদারকি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে কেমিক্যাল টেস্ট এবং বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে । একই সাথে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে, যাতে শিশুরা কোনো ভুল তথ্য বা 'টক্সিক ইনফরমেশন' দ্বারা বিভ্রান্ত না হয়।