মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২০ মে কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৭৮তম অনলাইন পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল। এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল— ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' অনুষ্ঠানের আলোচনা থেকে একটি বিশেষ পরামর্শ নিচে তুলে ধরা হলো।
বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ই-সিগারেট বা ভ্যাপিংয়ের জনপ্রিয়তা ও প্রচলন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক তরুণের ধারণা, সাধারণ সিগারেটের তুলনায় এটি অনেক বেশি নিরাপদ এবং এর মাধ্যমে ধূমপান ত্যাগ করা সম্ভব। তবে এই ধারণার বিষয়ে অধ্যাপক ডা.মোহিত কামাল স্পষ্টভাবে জানান যে, এটি মোটেও সঠিক নয়। তিনি বলেন, “এটা একদমই নয়। এটা একটি সম্পূর্ণ ভুল এবং ক্ষতিকর ধারণা যা সমাজে ছড়ানো হচ্ছে । শুরুতে হয়তো প্রচার করা হয়েছিল যে যারা ধূমপান ছাড়তে চান, তাদের জন্য এটি বিকল্প হতে পারে । কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, মানুষ এটি ছাড়ার বদলে উল্টো 'ডুয়াল অ্যাডিকশন' বা দ্বিগুণ আসক্তিতে আক্রান্ত হচ্ছে । এর ভেতরে থাকা নিকোটিন, প্রোপাইলিন গ্লাইকল, ভেজিটেবল গ্লিসারিন ইত্যাদি রাসায়নিক যখন উত্তপ্ত হয়ে বাষ্প বা 'ভেপার' তৈরি করে, তা সরাসরি ফুসফুসে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে। এ ছাড়া এর ভেতর নিকেল, সিসা বা ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর কণা পাওয়া গেছে, যা পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে। তাই এটিকে নিরাপদ বলার কোনো সুযোগ নেই।”