মুক্তকণ্ঠ ট্রাস্টের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা আয়োজন করা হয়ে থাকে। এই ধারাবাহিকতায় গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৮০তম অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. জোবায়ের মিয়া। এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল—‘সন্তানের মন বোঝার উপায়।’ পুরো অনুষ্ঠানটি একটি সাক্ষাৎকারের আদলে উপস্থাপন করা হয়। উক্ত আলোচনা থেকে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ নিচে তুলে ধরা হলো।
অভিভাবকদের কোন ধরনের ভুল আচরণগুলো সন্তানদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত করে? এই প্রশ্নের জবাবে ডা. জোবায়ের মিয়া বলেন, ‘আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল হলো সন্তানদের অন্যদের সঙ্গে তুলনা করা বা ‘গরু-গাধা’ জাতীয় অপমানসূচক শব্দ ব্যবহার করা। সন্তান যখন দেখে ভালো করলেও প্রশংসা মিলছে না, তখন তার ভালো করার আগ্রহ কমে যায়। সন্তানের ছোট ছোট সাফল্যকেও মূল্যায়ন করতে হবে এবং পুরস্কৃত করতে হবে। তা ছাড়া অভিভাবকেরা নিজেরা সারাক্ষণ ডিভাইসে আসক্ত থেকে সন্তানকে রাতে দ্রুত ঘুমাতে বা ডিভাইস ছাড়তে বললে সন্তান কখনোই তা শুনবে না। সুতরাং এই বিষয়গুলোর প্রতি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। কারণ এগুলো সন্তানের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে।’