মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ধারাবাহিক আয়োজন চলছে। এই কর্মসূচির আওতায় গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৮৩তম অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ অনুষ্ঠানের বিস্তারিত আলোচনার মধ্য থেকে একটি বিশেষ পরামর্শ এখানে তুলে ধরা হলো।
কিশোর-কিশোরীদের ক্ষেত্রে বিষণ্ণতা বা মানসিক অবসাদ কীভাবে প্রকাশ পায় এবং অভিভাবকরা কেন অনেক সময় তা ভুল বুঝতে পারেন—এই বিষয়ে প্রশ্ন করা হলে ডা. রাহেনুল ইসলাম বলেন, “বড়দের ক্ষেত্রে ডিপ্রেশনের লক্ষণ একরকম হলেও বাচ্চাদের ক্ষেত্রে বিষণ্ণতা সবসময় শুধু মন খারাপ দিয়ে প্রকাশিত হয় না; বরং তাদের মেজাজ খিটখিটে হয়ে ওঠে। এটাকে অভিভাবকরা অনেক সময় 'অবাধ্যতা' বা 'বেয়াদবি' হিসেবে ধরে নেন। তাছাড়া আমাদের সমাজে ডিপ্রেশনের কথা সরাসরি বলা হয় না, মানুষ এটিকে শারীরিক ভাষায় প্রকাশ করে—যেমন মাথা ব্যথা, হাত-পা জ্বালাপোড়া বা ক্ষুধামন্দা। এর পেছনে সাইবার বুলিং বা শিক্ষক-সহপাঠীদের মাধ্যমে বুলিংয়ের মতো বড় ইস্যুও থাকতে পারে। তাই আগে থেকেই কোনো লেবেল সেঁটে না দিয়ে খোলামেলা যোগাযোগ রাখা এবং মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করা দরকার।”