মুক্তকণ্ঠ ট্রাস্টের বিশেষ উদ্যোগে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২০ মে কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। এবারের সভার মূল আলোচ্য বিষয় ছিল— ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' অনুষ্ঠানের বিস্তারিত আলোচনার মধ্য থেকে একটি বিশেষ পরামর্শ এখানে তুলে ধরা হলো।
সভার আলোচনা চলাকালীন ভ্যাপিং এবং মাদকের পাশাপাশি বর্তমান প্রজন্মের মোবাইল আসক্তি ও টিকটকের প্রভাব নিয়ে আলোচনা উঠে আসে। এই দুটি বিষয়ের মধ্যে কোনো ধরনের সাদৃশ্য আছে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হলে অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘অবশ্যই মিল আছে। মাদক নিলে মস্তিষ্কে যেভাবে আনন্দ বা উত্তেজনার হরমোন 'ডোপামিন' নিঃসৃত হয়, অতিরিক্ত মোবাইল ব্যবহার, টিকটক দেখা বা পাবজি-ফ্রি ফায়ারের মতো গেমিং আসক্তিতেও ঠিক একইভাবে ডোপামিন লেভেল বেড়ে যায়। এটাকে আমরা বলি 'নেট অ্যাডিকশন' বা ইন্টারনেট আসক্তি। এটি এক ধরনের মানসিক রোগ । এর ফলেও বাচ্চার পড়াশোনা ধ্বংস হয়, মেধা কমে যায় এবং আচরণে চরম পরিবর্তন আসে। সতরাং এ সব ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।’