মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে নিয়মিত আয়োজিত হয়ে থাকে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৯ অক্টোবর কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৮৩তম অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ এই বিশেষ আলোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো।
সাধারণত শিশুরা বড় হওয়ার সাথে সাথে চারপাশের পৃথিবীকে জানার আগ্রহ বোধ করে। তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলে এবং মাঝেমধ্যে বড়দের সাথে তর্কে জড়ায়। অনেক ক্ষেত্রে বাবা-মায়েরা সন্তানের এই আচরণকে ‘অবাধ্যতা’ কিংবা ‘বেয়াদবি’ হিসেবে গণ্য করেন। এই বিষয়ে মনোবিদের মতামত জানতে চাওয়া হলে ডা. রাহেনুল ইসলাম বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
এই প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ”বাচ্চাদের তর্ক করা বা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করাটা আসলে তাদের স্বাভাবিক বিকাশেরই অংশ। যখন একটি শিশু পৃথিবীকে চেনার চেষ্টা করে, স্বাধীনভাবে চিন্তা করতে শেখে এবং বছরের পর বছর ধরে চলে আসা নিয়মগুলোকে প্রশ্ন করে, তখন এটাকে আমাদের বরং স্বাভাবিক বিকাশ হিসেবে দেখা উচিত। কিন্তু অভিভাবক হিসেবে আমরা অনেক সময় এই প্রক্রিয়ার সঙ্গে অভ্যস্ত নই, কারণ আমরা ছোটবেলায় আমাদের অভিভাবকদের সঙ্গে এমন তর্ক করিনি। ফলে সন্তান কোনো যুক্তি খণ্ডন করতে গেলেই আমরা তাকে ‘অবাধ্য’ বা ‘বেয়াদব’ বলে ট্যাগ দিয়ে দিই এবং বাধা দেওয়ার চেষ্টা করি। এটা একদমই ঠিক নয়। বরং এই স্বাভাবিক বিকাশে আমাদের সহযোগিতা ও সহাভূতিশীল হওয়া জরুরি।”