যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এক বিশাল জয়লাভ করেছে ডেমোক্র্যাট পার্টি। গত ৩৫ বছরের ইতিহাসে এটিই হতে পারে দলটির সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের রেকর্ড।

সিএনএনের পূর্বাভাস অনুযায়ী, প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা ইতিমধ্যে ২৫৯টি আসন নিশ্চিত করেছে। এর ফলে আগের তুলনায় দলটির আসন সংখ্যা বেড়েছে ৪৪টি।

গত রোববার নর্থ ক্যারোলাইনার প্রবীণ রিপাবলিকান আইনপ্রণেতা ভার্জিনিয়া ফক্স ডেমোক্র্যাট প্রার্থী চাক হাবার্ডের কাছে পরাজয় স্বীকার করার পর এই হিসাবটি সামনে আসে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ২৬০ ছাড়িয়ে যেতে পারে। তেমনটি হলে প্রতিনিধি পরিষদে দলটির সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান দাঁড়াবে প্রায় ৮৫ আসনে। ১৯৯০-এর দশকের শুরুর পর এটিই হবে ডেমোক্র্যাটদের জন্য সবচেয়ে বড় ব্যবধানের জয়।

যদি দলটি ২৬০টি আসন লাভ করে, তবে প্রতিনিধি পরিষদের মোট আসনের ৬০ শতাংশই থাকবে ডেমোক্র্যাটদের দখলে। পাশাপাশি আলাস্কা ও মিসিসিপির শেষ দুটি আসনের ফলাফলের ওপর ভিত্তি করে সিনেটেও দলটি ৫৪ থেকে ৫৬ শতাংশ আসন পেতে পারে বলে আশা করা হচ্ছে।

মিনেসোটার একটি আসনে ডেমোক্র্যাট প্রার্থী সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন, যার ফলে সেখানে বর্তমানে ভোট পুনর্গণনা প্রক্রিয়া চলছে। অন্যদিকে লুইজিয়ানার পঞ্চম ও ষষ্ঠ ডিস্ট্রিক্টের দুটি আসনের চূড়ান্ত ফলাফল জানতে হবে আগামী ১২ ডিসেম্বরের দ্বিতীয় দফার নির্বাচন পর্যন্ত।

বর্তমান হিসাব অনুযায়ী প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আসন সংখ্যা দাঁড়াবে ১৭৪টিতে। তবে বাকি আসনগুলোর ফলাফল প্রকাশের পর এই সংখ্যায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

ডেমোক্র্যাটরা যদি ২৬০টি আসন পায়, তবে ১৯৯১–৯৩ মেয়াদের পর প্রতিনিধি পরিষদে এটিই হবে তাদের সবচেয়ে বড় সাফল্য। উল্লেখ্য, ওই সময়ে তাদের আসন ছিল ২৬৭টি, যা পরবর্তী মেয়াদে কমে ২৫৮টিতে নেমেছিল। এছাড়া ২০০৮ সালে বারাক ওবামার জয়ের পর ডেমোক্র্যাটরা ২৫৭টি আসন পেয়েছিল।

এমনকি মহামন্দার পরবর্তী সময়ে রিপাবলিকানদের সর্বোচ্চ জয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে ডেমোক্র্যাটদের এই সংখ্যাগরিষ্ঠতা। ২০১৪ সালে রিপাবলিকানরা সর্বোচ্চ ২৪৭টি আসন লাভ করেছিল।

গত ৫০ বছরের ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনে আসন বৃদ্ধির ক্ষেত্রে এটি হবে তৃতীয় বৃহত্তম সাফল্য। এর আগে ২০১০ সালে রিপাবলিকানদের আসন ৬৩টি এবং ১৯৯৪ সালে ৫৪টি বৃদ্ধি পেয়েছিল।

ধারণা করা হচ্ছে, সব আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ডেমোক্র্যাটদের মোট আসন সংখ্যা প্রায় ৫০টি বাড়তে পারে। এ পর্যন্ত ২৫৯টি আসনে জয়লাভ করায় দলটির আসন সংখ্যা ইতিমধ্যে ৪৪টি বেড়েছে।

এবারের এই সাফল্য সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাটদের নিজেদের সেরা রেকর্ডগুলোকেও ছাড়িয়ে গেছে। ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে তারা ৪১টি এবং ২০০৬ সালে ৩১টি আসন বাড়িয়েছিল। তবে মোট আসন বৃদ্ধির চেয়ে প্রতিপক্ষের আসন ছিনিয়ে নেওয়ার বিষয়টিই এবারের নির্বাচনে বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আসন সংখ্যার পাশাপাশি সারা দেশ থেকে প্রাপ্ত মোট ভোটের (পপুলার ভোট) হিসেবেও বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত তারা রিপাবলিকানদের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি ভোট পেয়েছে। দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর বাকি ভোট গণনা শেষ হলে এই ব্যবধান আরও বাড়তে পারে।

তবে ক্যালিফোর্নিয়ার নির্বাচনী নিয়মের কারণে কয়েকটি আসনে একই দলের (দুই ডেমোক্র্যাট বা দুই রিপাবলিকান) প্রার্থীদের মধ্যে লড়াই হওয়ায় ৪৩৫টি আসনের সব কটিতে দুই প্রধান দলের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এর ফলে সামগ্রিক ভোটের হিসাবে কিছুটা প্রভাব পড়েছে। তা সত্ত্বেও এই জয়কে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালের পর এই প্রথম কোনো দল প্রতিনিধি পরিষদের নির্বাচনে ১২ শতাংশ ব্যবধানে জয়লাভ করল।