রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন জানান, এদিন আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে আইনজীবী সাথী সাহা জামিনের আবেদন দাখিল করেন। তবে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এই আবেদনের তীব্র বিরোধিতা করা হয়। উভয় পক্ষের বিস্তারিত শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নাকচ করে দেন।

উল্লেখ্য, আজ নুরুল ইসলামকে আদালতে হাজির করা হয়নি; তিনি বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।

নুরুল ইসলামের জামিনের আবেদনের প্রেক্ষিতে জানানো হয়, তাঁর বয়স বর্তমানে ৮১ বছর। তিনি শারীরিকভাবে অসুস্থ এবং নিজ বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন। আবেদনে উল্লেখ করা হয়, তিনি সাবেক শিক্ষামন্ত্রী, চারবার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা।

আবেদনে আরও দাবি করা হয় যে, জুলাই গণ–অভ্যুত্থানের অনেক আগে থেকেই তিনি রাজনীতি ও সব ধরনের পেশাগত কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছেন। দেশের আইন, আদালত ও সংবিধানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও আস্থা রয়েছে। জামিন পেলে তিনি পলাতক হবেন না এবং মামলার বিচার কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করবেন। প্রয়োজনে উপযুক্ত জিম্মাদার দেওয়ার কথা উল্লেখ করা হয় আবেদনে।

এর আগে ১৯ নভেম্বর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার ও নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় উত্তরা ৯ নম্বর সেক্টরে পেটে গুলিবিদ্ধ হন মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নিহত সাদিকুলের প্রতিবেশী মো. আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের দাখিল করা আবেদনে জানানো হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে আরও ১৪টি মামলা রয়েছে।

নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাঁকে শিক্ষামন্ত্রী নিযুক্ত করা হয়। তিনি টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।