রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা ও ভাঙচুরসহ মোট ১৪টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, ‘রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে তিনি আরও জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। মামলাগুলোর বেশির ভাগই সিলেটে। বর্তমানে মামলাগুলো তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে আরও যাচাই-বাছাই করা হচ্ছে।’
মামলাগুলোর ধরন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি খালিদ মুনসুর বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।’
গ্রেপ্তারের স্থান সম্পর্কে তিনি উল্লেখ করেন, ‘উত্তরার এই বাসাটি ছিল তার মেয়ের। তিনি কত দিন ধরে সেখানে অবস্থান করছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’