জুলাই গণ–অভ্যুত্থান চলাকালীন সময়ে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করার পর তাঁকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার একটি আদালতে এই আবেদন দাখিল করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন মুক্তকণ্ঠকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এই আবেদনের বিষয়ে শুনানির কথা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে অবস্থিত তাঁর বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে (৮১) আটক করা হয়। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয় এবং সরকার গঠনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং টানা ১০ বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

আদালতে পেশ করা প্রতিবেদনে উত্তরা পশ্চিম থানার পুলিশ উল্লেখ করেছে যে, মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাঁর দেওয়া তথ্যের সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া মামলার প্রয়োজনে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন পরবর্তী সময়ে করা হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রায় ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছিলেন। অভিযোগ করা হয়েছে যে, আসামিদের প্রত্যক্ষ মদদ ও নির্দেশে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এরপর আসামিদের সাথে আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালায়, যার ফলে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। তাঁকে দ্রুত উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সাদিকুল ইসলাম (২১) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন। সাদিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় প্রথমে আদালতে একটি নালিশি মামলা করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী ওই অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা।

পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনার বরাতে আদালতে দাখিল করা প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটে বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।