রাজধানীর উত্তরার একটি বসতবাড়ি থেকে গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ওই বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনা প্রসঙ্গে ওসি খালিদ মনসুর বলেন, “উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন।”
আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও উল্লেখ করেন, “উনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।”
নুরুল ইসলাম নাহিদ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব লাভ করেন। এরপর টানা ১০ বছর তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।