ভারতের পশ্চিমবঙ্গের জলঙ্গী সীমান্ত হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন নেপালি যুবক রিয়ান আনসারী। এরপর দীর্ঘ সময় কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান তিনি। ভিনদেশি ভাষা, অচেনা পরিবেশ আর শারীরিক অসুস্থতা—সব মিলিয়ে অত্যন্ত অসহায় জীবন কাটাচ্ছিলেন রিয়ান।

এমন এক সময়ে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুরে বিদ্যুৎমিস্ত্রি পলাশ আহমেদের দোকানের সামনে এসে উপস্থিত হন রিয়ান। প্রথম দেখাতেই মনে হয়েছিল তিনি মানসিকভাবে সুস্থ নন। রিয়ানের সেই অসহায় অবস্থা দেখে মানবিক কারণে পলাশ তাঁকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন।

গত চার বছর ধরে পলাশ আহমেদ রিয়ানকে নিজের পরিবারের সদস্যের মতোই আগলে রেখেছিলেন। অবশেষে বাংলাদেশ সরকার এবং নেপাল দূতাবাসের যৌথ প্রচেষ্টায় ২৪ বছর বয়সী এই তরুণ তাঁর জন্মভূমিতে মা-বাবার কাছে ফিরে যাচ্ছেন।

আজ শনিবার দুপুরে ফিলিপনগরে পৌঁছায় বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের একটি প্রতিনিধিদল। দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইনের নেতৃত্বে কর্মকর্তারা রিয়ানকে গাড়িতে করে নিয়ে রওনা হন। জানা গেছে, আগামীকাল রোববার পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে রিয়ানের পরিবারের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করবেন এবং সেখানেই তাঁকে হস্তান্তর করা হবে। রিয়ান নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা বাদল আনসারীর ছেলে।

আশ্রয়দাতা পলাশ আহমেদ স্মৃতিচারণ করে বলেন, “প্রায় চার বছর আগে রিয়ানকে তিনি অসুস্থ ও অগোছালোভাবে পান। মানবিক দিক বিবেচনা করে তাঁকে বাড়িতে নেন। পরিবারের একজন সদস্যের মতো করেই তাঁকে দেখাশোনা করেন। রিয়ান কথা কম বলতেন। ভাত খেতে চাইতেন না, গোশতের ঝোল দিয়ে মুড়িমাখা ও ডিমভাজি খেতে বেশি পছন্দ করেন। কারও সঙ্গে খারাপ আচরণ করেন না।”

পলাশ আরও জানান, শুরুতে রিয়ানের ভাষা বুঝতে বেশ কষ্ট হতো। তবে সময়ের সাথে সাথে তিনি বাংলা বলতে ও বুঝতে শুরু করেন। কয়েক দিন আগে রিয়ান তাঁর পরিবারের একটি ইমো নম্বর প্রদান করেন। সেই নম্বরের মাধ্যমে নেপালে তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়। এরপর থেকে রিয়ান নিয়মিত পরিবারের সঙ্গে কথা বলতেন এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন।

রিয়ানের পরিবারের বরাত দিয়ে পলাশ জানান, নেপালে একটি মুসলিম পরিবারের সন্তান রিয়ান আনসারী। তাঁর মা-বাবা, পাঁচ ভাই ও এক বোন রয়েছে। তাঁর দুই ভাই কাতারপ্রবাসী এবং একজন ভাই কম্পিউটার প্রকৌশলী। অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে রিয়ান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ছয় বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে তিনি আর ফেরেননি। এর মধ্যে দেড় বছরের বেশি সময় তিনি ভারতে অবস্থান করেছিলেন এবং ভারতীয় সংবাদপত্রে তাঁর ছবিসহ নিখোঁজ সংবাদও প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই মুক্তকণ্ঠ অনলাইনে ‘মানসিক ভারসাম্যহীন ভেবে আশ্রয়, চার বছর পর জানা গেল তিনি বিদেশি নাগরিক’ শিরোনামে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

শনিবার রিয়ানের বিদায়বেলায় ফিলিপনগরের বাড়িতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। দীর্ঘ চার বছর ধরে যাকে সন্তানের মতো আগলে রেখেছিলেন, তাঁকে বিদায় দিতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছিল পলাশ আহমেদের। তিনি বলেন, “আজ ওকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে যেমন বুকটা আনন্দে ভরে যাচ্ছে, তেমনি দীর্ঘদিনের মায়া ছেড়ে বিদায় দিতেও মনটা ভেঙে যাচ্ছে।”

সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সুরাজ আমগাইন মুক্তকণ্ঠকে বলেন, “বাংলাদেশের মানুষ রিয়ানকে যেভাবে ভালোবেসে আগলে রেখেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। দুই দেশের সরকারি উদ্যোগে ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আমরা আমরা কুষ্টিয়া থেকে রিয়ানকে ঢাকায় নিয়ে এসেছি। রোববার বাংলাবান্ধা সীমান্তে তাঁর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।”

বিদায়বেলায় গাড়িতে ওঠার সময় রিয়ানের চোখেও ছিল অশ্রু এবং ঘরে ফেরার তীব্র আকুলতা। একদিকে আশ্রয়দাতা পরিবারের স্নেহ, অন্যদিকে ছয় বছর পর মা-বাবার সান্নিধ্য পাওয়ার আনন্দ—এই দুইয়ের টানাপোড়েনে আবেগে কথা বলতে পারছিলেন না রিয়ান।

এই বিষয়ে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, “ছেলেটি দীর্ঘদিন ধরে এখানে ছিল। শনিবার দুপুরে নেপাল দূতাবাসের এক কর্মকর্তা তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গেছেন।”

দৌলতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার মুক্তকণ্ঠকে জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে একজন ভিনদেশিকে নেপাল দূতাবাসের লোকজন নিয়ে গেছেন।