পথশিশুদের শিক্ষার লক্ষ্যে একটি ক্ষুদ্র উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করা মাস্তুল ফাউন্ডেশন এখন ১৫ বছরে পদার্পণ করেছে। এই বিশেষ মাইলফলক উদযাপনে গত বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করে এবং একই সাথে সরকারের কাছে একটি বিশেষ নীতিমালা প্রণয়নের প্রস্তাব পেশ করে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।

এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মেজর জেনারেল (অব.) কাজী ইফতেখার-উল-আলম, চিফ পাবলিক রিলেশনস অফিসার ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমানসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘দেশের যেকোনো দুর্যোগে, বিশেষ করে বন্যা সংকটে মাস্তুল ফাউন্ডেশন এগিয়ে এসেছে। আশা করব, আগামী দিনে শিক্ষা, কর্মসংস্থান, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির আরও বৃহৎ ভূমিকা রাখবে।’

ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, মাস্তুল ফাউন্ডেশন শুরু থেকেই অবিচলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। অন্যদিকে, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, তিনি ব্যক্তিগতভাবে মাস্তুলের এই উদ্যোগগুলোকে দেশের সাধারণ মানুষের প্রতি গভীর দায়বদ্ধতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ‘মাস্তুল ফাউন্ডেশনের প্রতিটি প্রকল্পই মানুষের জন্য। বিশেষ করে “মাস্তুল মেহমানখানা” প্রকল্পের মাধ্যমে হাজারো মানুষকে বিনা মূল্যে খাবার দেওয়া হচ্ছে।’

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে সরকারের কাছে একটি নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, ‘আয়তনে ছোট হলেও বাংলাদেশের মানুষের হৃদয় অনেক বড়। বিশ্বের যেকোনো মানবিক সংকটে লাল-সবুজের পতাকাকে আমরা পৌঁছে দিতে চাই। সরকারের কাছে আমাদের প্রস্তাব—একটি নীতিমালা তৈরি হোক, যার মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলো সরকারের অনুমোদনক্রমে আনুষ্ঠানিকভাবে বিশ্বের মানবিক সংকটে কাজ করতে পারবে।’

অনুষ্ঠানে সংস্থাটির দেশি-বিদেশি মানবিক কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। এর মধ্যে তুরস্ক, ফিলিস্তিনের গাজা, সুদান ও নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য প্রদান করা আন্তর্জাতিক সহায়তার কথা উল্লেখ করা হয়। এই অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক মানবিক ক্ষেত্রে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর কাজের সুযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

কি-নোট স্পিকার নাসির উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে দেশ ও ফিলিস্তিন মানবিক মিশন এবং আন্তর্জাতিক পর্যায়ে মাস্তুলের সহায়তা কার্যক্রমের কথা বলেন। বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও মাস্তুল ফাউন্ডেশনের ডিরেক্টর ও চিফ পাবলিক রিলেশন অফিসার মতিউর রহমান মাস্তুলের কার্যক্রমের বিশেষ মূল্যায়ন করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ আকমল হোসেন আজাদ বলেন, ‘সবার সম্মিলিত সহযোগিতায় মাস্তুল এভাবেই কাজ করে যাবে। সবার পৃষ্ঠপোষকতায় সংস্থাটি আরও এগিয়ে যেতে চায়।’

২০১২ সালে কাজী রিয়াজ রহমানের ব্যক্তিগত উদ্যোগে মাস্তুল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। গত ১৪ বছরে সংস্থাটি খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আশ্রয় এবং দুর্যোগ মোকাবিলাসহ বহুমুখী সেবামূলক কার্যক্রম বিস্তৃত করেছে। বিশেষ করে করোনা মহামারির সময়ে মরদেহ দাফন সেবা, ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের বন্যায় ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ, টিউবওয়েল স্থাপন এবং মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগগুলো উল্লেখযোগ্য।

বর্তমানে ‘মাস্তুল মেহমানখানা’র মাধ্যমে রাজধানীর ২০টি নির্দিষ্ট স্থানে প্রতিদিন বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া ‘জাকাত স্বাবলম্বী’ প্রকল্পের আওতায় দুঃস্থ মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করা হয়। ঢাকার হাজারীবাগে এতিম ও বৃদ্ধদের জন্য ‘মাস্তুল ইসলামিক শেল্টারহোম’ পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

মাস্তুল ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিবন্ধিত একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রযোজ্য আইন ও শর্তসাপেক্ষে এই প্রতিষ্ঠানে দেওয়া অনুদান, জাকাত ও সাদকার ক্ষেত্রে দাতারা আয়কর রেয়াতের সুবিধা পেতে পারেন। সংস্থাটি তাদের কার্যক্রম পরিচালনায় আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়মিত নিরীক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।