কুষ্টিয়ার দৌলতপুরে দীর্ঘ প্রায় পাঁচ বছর পরিচয়হীন অবস্থায় কাটানোর পর অবশেষে নিজ জন্মভূমির কাছে ফিরে যাচ্ছেন নেপালি যুবক রিয়াম আনসারী। বাংলাদেশ সরকার এবং নেপাল দূতাবাসের যৌথ প্রচেষ্টায় তার দেশে ফেরার যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকা থেকে নেপাল দূতাবাসের প্রতিনিধিরা তাকে নিয়ে যান।
জানা গেছে, রিয়ানের স্থায়ী ঠিকানা নেপালের বারা জেলার কালাইয়া থানায়। তিনি বাদল আনসারীর পুত্র। প্রয়োজনীয় সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে নেপাল দূতাবাস। বর্তমানে তার পরিবারের সদস্যরা পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষা করছেন, যেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে রিয়াম দৌলতপুরের বিভিন্ন এলাকায় পরিচয়হীন অবস্থায় ঘুরে বেড়াতেন। সেই সময়ে ফিলিপনগর এলাকার পলাশ আহমেদ তাকে আশ্রয় প্রদান করেন। এরপর থেকে পরিবারের সদস্যের মতোই তার দেখাশোনা করে আসছিলেন পলাশ। তবে ভাষাগত সীমাবদ্ধতা এবং পরিচয়সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি রিয়াম।
চলতি বছরের জুলাই মাসে রিয়ানের দেওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে তার প্রকৃত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। এর মাধ্যমেই নেপালে অবস্থানরত তার পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যায়। এরপর থেকেই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় দিন গুনছিলেন তিনি।
আশ্রয়দাতা পলাশ আহমেদ জানান, “প্রায় চার বছর ধরে রিয়াম তার কাছে রয়েছেন। শুরুতে ভাষা বুঝতে বেশ কষ্ট হতো। তবে এখন তিনি কিছুটা বাংলা বলতে পারেন। জুলাই মাসে পরিবারের ফোন নম্বর পাওয়ার পর থেকে প্রতিদিন চার-পাঁচবার স্বজনদের সঙ্গে কথা বলতে চান রিয়াম। পরিবারের কাছে ফিরতে পেরে তিনি খুবই খুশি।”
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, “রিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় ছিলেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা তাকে নিয়ে গেছেন।”
নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইন বলেন, “সরকারি উদ্যোগে রিয়ামকে নিজ দেশে পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাবান্ধা সীমান্তে তার পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হবে।”
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার জানান, সরকারি নিয়ম অনুসরণ করেই তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।