কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের এক বিশেষ সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। গত ৪৮ ঘণ্টার এই ব্যাপক অভিযানে মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন নেতাকর্মী ও সদস্য রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের বিশেষ নির্দেশনায় গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পর ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, অপরাধে সরাসরি সংশ্লিষ্টতা না পাওয়া এবং বয়স ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে বাকি ৮১ জনকে মুচলেকার বিনিময়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, “জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূলে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”