কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ছিনতাই ও নাশকতা প্রতিরোধ করার লক্ষ্যে জেলা পুলিশ ৭২ ঘণ্টার এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। এই ব্যাপক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১০৭ জন সদস্যসহ মোট ৫৪৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টা এই বিশেষ অভিযান চলে। এতে জেলার আওতাধীন সব থানা, পুলিশ ফাঁড়ি এবং গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পুরো কার্যক্রমটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে ও তদারকিতে সম্পন্ন হয়েছে। আটককৃত মোট ৫৪৪ জনের মধ্যে ১০৭ জন নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত হয়েছেন এবং বাকিরা মাদক কারবার, কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের সাথে জড়িত বলে জানা গেছে।

আটক ব্যক্তিদের গ্রেপ্তারের পর প্রত্যেকের অপরাধের ধরন ও সম্পৃক্ততা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। এই প্রক্রিয়ার পর ৩৪১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, যাদের অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং যারা ভবিষ্যতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না—এমন শর্তে ২০৩ জনকে মুচলেকার বিনিময়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, “উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে পড়ার টেবিলে ফিরিয়ে আনতেই এই নিয়মিত অভিযান চালানো হচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন যে, অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।