কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দমন করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর পাশাপাশি মাদক ব্যবসা ও ছিনতাইকারীদের দমনেও কঠোর পদক্ষেপ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

চলতি মাসের প্রথম ১১ দিনে জেলার ১৮টি থানা এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত এক ব্যাপক অভিযানে মোট ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মুক্তকণ্ঠকে বলেন, “ব্যবস্থা নেওয়া ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে মাদক বিক্রি ও মাদক সেবন, ছিনতাই, সন্ত্রাসবিরোধী আইনের মামলা, ৩৪ ধারায়, ওয়ারেন্ট মূলে, বিশেষ ক্ষমতা আইন এবং নিয়মিত বিভিন্ন মামলা রয়েছে।” তবে কোন নির্দিষ্ট মামলায় কতজন অভিযুক্ত হয়েছেন, সেই বিস্তারিত পরিসংখ্যান তিনি জানাননি।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এই বিশেষ অভিযানগুলো চালানো হয়। জেলার বিভিন্ন থানা এলাকায়, বিশেষ করে যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত বেশি, সেখানে পুলিশ বিশেষ নজর দিচ্ছে। এই অভিযানে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এছাড়া পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠ পর্যায়ে অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। কুমিল্লার ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-সিলেটসহ প্রায় ২২৫ কিলোমিটার মহাসড়কে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। এসব সড়কসহ জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।”

পুলিশ সুপার আরও বলেন, “কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেউ জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।”

জেলা পুলিশের দেওয়া তথ্যমতে, গত ২৩ সেপ্টেম্বর থেকে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এই বিশেষ অভিযান শুরু হয়। পরবর্তীতে এর পরিধি বাড়িয়ে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধেও অভিযান যুক্ত করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন করে আলোচনায় আসে। গত ১৮ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরদিন সদর দক্ষিণ উপজেলার সানন্দা এলাকায় লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুই কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করে। তদন্ত চলাকালীন তাঁদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।

এই ঘটনার পর গত ২৩ সেপ্টেম্বর থেকে জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ। অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হচ্ছে।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছিলেন, “উঠতি বয়সের কিশোরেরা যাতে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজর রাখা হচ্ছে।”

নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমের পাশাপাশি গত মঙ্গলবার ও বুধবার রাতভর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং সংগঠনটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ১০ ও ১১ নভেম্বর দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ নভেম্বর রাতে ৪২ জন এবং ১১ নভেম্বর রাতে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, “নাশকতাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যাতে জননিরাপত্তা ও জানমালের ক্ষতি করতে না পারে, সেই লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”