কুমিল্লায় মাদক কারবার, কিশোর গ্যাং এবং ছিনতাই দমনে বিশেষ অভিযান চালিয়ে ৭২ ঘণ্টায় মোট ৬১৭ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটককৃতদের মধ্যে ১১৯ জনকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বাকি ২১৬ জনকে মুচলেকার মাধ্যমে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জেলার মোট ১৮টি থানায় একযোগে এই বিশেষ অভিযানগুলো চালানো হয়। এই অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

পুলিশের বিবরণ অনুযায়ী, কুমিল্লার বিভিন্ন এলাকা এবং বিশেষ করে যেসব স্থানে কিশোর বয়সীদের উৎপাত বেশি বলে চিহ্নিত করা হয়েছিল, সেগুলোকে এই অভিযানের আওতায় আনা হয়। মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে নেমে অভিযান পরিচালনা করেন।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “উঠতি বয়সি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা এবং পড়াশোনায় ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে কিশোর অপরাধ, ছিনতাই, চুরি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।”