সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখলে থাকা জেলেখালি সরকারি খালটি অবশেষে মুক্ত হয়েছে। দীর্ঘ ৩২ বছর পর এই খালের দখলমুক্তির মাধ্যমে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। শুক্রবার (২০ নভেম্বর) জেলেখালি ত্রিপানি মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একটি বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে ড. মনিরুজ্জামান বলেন, “প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল পুনঃখনন ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্যামনগর উপজেলাতেও পর্যায়ক্রমে খাল পুনঃখনন ও দখলমুক্ত করা হবে। জেলেখালি খাল সবার জন্য উন্মুক্ত থাকবে। এখন থেকে ‘জাল যার, জলা তার।’”
সরকারি সম্পদের সুরক্ষা ও সাধারণ মানুষের অধিকারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা এবং জনসাধারণের অধিকার রক্ষা করা সবার দায়িত্ব।”
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, জনস্বার্থে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের মাধ্যমে জেলা ও উপজেলা প্রশাসনের যথাযথ অনুমোদন নিয়ে ইতিপূর্বে জেলেখালি খালটি পুনঃখনন করা হয়েছিল। তবে পুনঃখনন কার্যক্রম শেষ হওয়ার পর খালের একটি নির্দিষ্ট অংশ পুনরায় অবৈধভাবে দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই অবৈধ বাঁধের কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে নতুন করে ভোগান্তির আশঙ্কা তৈরি হয় বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘ সময় ধরে এই সরকারি খালের জায়গা দখল করে অনুমোদনহীনভাবে মাছ চাষ করে আসছিল। এই অন্যায়ের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকেও এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
অবশেষে সমস্যা সমাধানে স্থানীয় বাসিন্দারা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামানের শরণাপন্ন হন। তাঁর বিশেষ উদ্যোগে এবং প্রচেষ্টায় জেলেখালি খালটি দখলমুক্ত করা হয় এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।