সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. সাগর আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বংশীপুর এলাকায় সুন্দরবন লক্ষ্মী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত সওকাত আলীর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের ভেটখালি থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যামনগর থেকে বংশীপুরগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা সাগর আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।