এক সময়ের জৌলুস আর আভিজাত্যের প্রতীক তিনতলা এক বিশাল প্রাসাদ। সারি সারি স্তম্ভ, খিলান আর সূক্ষ্ম কারুকাজে সাজানো সেই ভবনটি এখন কেবলই ধ্বংসাবশেষ। সামনে ছিল বিস্তীর্ণ মাঠ, পাশে বড় পুকুর, পাকা ঘাট, নহবতখানা আর জোড়া শিবমন্দির। জমিদারি ঐশ্বর্যের সেই সব স্মৃতি এখন সময়ের আবর্তে বিলীন হওয়ার পথে। প্রাসাদের ছাদের বড় অংশ ধসে পড়েছে, দেয়ালের পলেস্তারা খসে বেরিয়ে এসেছে ভেতরের ইট। অনেক জায়গায় আগাছার ঘন আড়ালে হারিয়ে গেছে প্রাচীন স্থাপনার চিহ্ন।
সাতক্ষীরার শ্যামনগর সদর থেকে পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার এগোলেই দেখা মেলে নকিপুর জমিদারবাড়ির। গত সোমবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, পশ্চিম অংশের কিছু স্তম্ভ ও খিলান এখনো টিকে আছে। তবে পূর্ব পাশের দীর্ঘ ভবনটির অধিকাংশ দেয়াল ধসে পড়েছে। একসময় ২১২ ফুট দীর্ঘ এই রাজকীয় ভবনের চারপাশ এখন কলাগাছ, ঘাস ও আগাছায় ঢাকা পড়ে গেছে।
জমিদারবাড়ির পাশের বাসিন্দা নয়ন হোসেন (২৫) ছোটবেলা থেকেই প্রাসাদের এই করুণ দশা দেখে আসছেন। তিনি বলেন, “অন্তত ১০ বছর আগেও যদি সংস্কারের উদ্যোগ নেওয়া হতো, তাহলে স্থাপনাটির অনেকটাই রক্ষা করা সম্ভব হতো। সংরক্ষণ করা গেলে পুরো এলাকাটি দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারত।” নয়ন আরও জানান, বর্তমানে এই জমিদারবাড়ির ভেতরে আনোয়ারা বেগম (৫৬) ও ফাতেমা বেগম (৬২) নামের দুই নারী বসবাস করছেন। তাঁদের অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নেই বলে জানা গেছে।
প্রাসাদের সামনের মাঠের দক্ষিণ পাশে পাশাপাশি দুটি শিবমন্দির অবস্থিত। চারচালা ঘরের আদলে তৈরি এই মন্দির দুটি তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে। তবে পুকুরের ঘাটসংলগ্ন অষ্টকোনা আকৃতির দোতলা নহবতখানার অধিকাংশ অংশই ধসে গেছে। বর্তমানে সেখানে কেবল দেয়ালের কিছু অংশ আর ভিত্তির অবশিষ্টাংশ টিকে আছে।
নকিপুর জমিদারবাড়ির ইতিহাস ও স্থাপত্যের ওপর বিস্তারিত গবেষণা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো সাথী খাতুন। তাঁদের এই গবেষণার শিরোনাম ‘মনুমেন্টস অ্যান্ড মেমোরি: দ্য আর্কিটেকচারাল ওয়ার্কস অব জমিদার হরিচরণ রায়’। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ব্রুকলিন রিসার্চ অ্যান্ড পাবলিশিং ইনস্টিটিউটের জার্নাল অব অ্যানথ্রোপলজি অ্যান্ড আর্কিওলজি সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়।
১৯৫০ সালে জমিদারিপ্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার হরিচরণ রায়ের উত্তরাধিকারীরা চরম আর্থিক সংকটে পড়েন। পরবর্তীতে ১৯৭১ সালে পরিবারের সর্বশেষ উত্তরাধিকারীরা কলকাতায় চলে গেলে বাড়িটি সম্পূর্ণ অযত্নে পড়ে থাকে। রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে স্থাপনাটি ধ্বংস হতে থাকে এবং একসময়ের মূল্যবান সামগ্রীগুলো চুরি ও লুটপাটের শিকার হয়।
লেখক চারুচন্দ্র মণ্ডলের ‘নকিপুর জমিদার বাড়ির ইতিহাস’ বইয়ের তথ্য উদ্ধৃত করে গবেষণায় উল্লেখ করা হয়েছে, জমিদার হরিচরণ রায় চৌধুরী (১৮৬৬–১৯১৫) ছিলেন শ্যামনগর অঞ্চলের অত্যন্ত প্রভাবশালী জমিদার। ধারণা করা হয়, তাঁর পূর্বপুরুষেরা মুর্শিদাবাদ থেকে এসে বর্তমান সাতক্ষীরায় বসতি গড়েছিলেন। হরিচরণের পৃষ্ঠপোষকতায় ওই এলাকায় পুকুর খনন, সড়ক ও খাল নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের মতো অনেক জনহিতকর কাজ সম্পন্ন হয়। ১৮৯৯ সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত নকিপুর মাইনর স্কুলটি বর্তমানে নকিপুর হরিচরণ পাইলট উচ্চবিদ্যালয় হিসেবে পরিচিত।
গবেষণায় বলা হয়, ১৮৮৮ সালে জমিদার হরিচরণ রায় নকিপুরের এই জমিদারবাড়িটি নির্মাণ করেন। যদিও স্থানীয়দের অনেকের মতে বাড়িটি ২০০ থেকে ৩০০ বছরের পুরোনো, তবে ঔপনিবেশিক স্থাপত্যবৈশিষ্ট্য বিশ্লেষণ করে গবেষকেরা এটিকে ঊনবিংশ শতকের শেষ ভাগের স্থাপনা বলে মনে করেন। ৯২ নম্বর নকিপুর মৌজার ২ দশমিক ৯২ একর জমির ওপর নির্মিত এই প্রাসাদটির জোড়া স্তম্ভ ও খিলানসহ নানা বৈশিষ্ট্যে ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর স্পষ্ট ছাপ রয়েছে। চারুচন্দ্র মণ্ডলের বর্ণনা অনুযায়ী, ভবনে মোট ৩৯টি কক্ষ ছিল: নিচতলায় ১৭টি, দ্বিতীয় তলায় ১৭টি এবং তৃতীয় তলায় ৫টি কক্ষ ছিল।
নহবতখানা সম্পর্কে গবেষণায় বলা হয়েছে, ঔপনিবেশিক আমলের জমিদারবাড়িতে এ ধরনের স্থাপনা খুব প্রচলিত না হলেও বাংলাদেশের স্থাপত্যের ইতিহাসে এর নজির আছে। স্থাপত্য ও প্রত্নতত্ত্ববিষয়ক গবেষক ও লেখক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার বর্ণনা উদ্ধৃত করে গবেষণায় বলা হয়, “কোনো এলাকার রাজা বা সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তির প্রাসাদে যেখানে সকাল–সন্ধ্যায় বাদ্যযন্ত্র বাজানো হতো, সেটিই নহবতখানা।” নকিপুরের নহবতখানার একটি পুরোনো ছবি মিজানুর রহমানের ‘সাতক্ষীরার পুরাকীর্তি’ বইয়ে সংরক্ষিত আছে।
জমিদারবাড়িটির স্তম্ভ, খিলান, জোড়া শিবমন্দির ও অষ্টকোনা আকৃতির নহবতখানা স্থাপনাটিকে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে বলে উল্লেখ করেন গবেষক শহিদুল ইসলাম। তিনি বলেন, “যথাযথভাবে সংরক্ষণ করা গেলে নতুন প্রজন্ম সাতক্ষীরার ইতিহাস ও স্থাপত্য–ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।”
নকিপুর জমিদারবাড়ি ও এর সংলগ্ন স্থাপনা সংরক্ষণের বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) কাউসার আজিজ মুক্তকণ্ঠকে বলেন, “জেলার প্রত্নতাত্ত্বিক সম্পদগুলোর মধ্যে নকিপুর জমিদারবাড়ি অন্যতম। স্থাপনাটি সংরক্ষণের উদ্যোগ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অধিদপ্তর থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”