সাতক্ষীরার শ্যামনগরে বিলাল হোসেন নামের এক সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর এবং মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে। তবে বিএনপি এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল হোসেন মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামে। ভুক্তভোগী বিলাল হোসেন বর্তমানে দৈনিক আমাদের সময়ের শ্যামনগর প্রতিনিধি এবং সাতক্ষীরার সকালের শ্যামনগর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির দায়িত্বেও নিয়োজিত রয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক বিলাল হোসেনের ভাষ্যমতে, বুধবার গভীর রাতে তিনি যখন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন, তখন রাত ২টার দিকে সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তার বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করেন। ঘুম থেকে উঠে তিনি বাইরে এলে তাকে জানানো হয় যে, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর এবং যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ শীর্ষ নেতারা রাস্তায় তার জন্য অপেক্ষা করছেন।

বিষয়টি জানতে বিলাল হোসেন এবং তার বৃদ্ধ বাবা আক্তার মল্লিক যখন রাস্তায় যান, তখন সেখানে উল্লিখিত তিন নেতা ছাড়াও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, মমিনুর রহমান মমিন, আব্দুল্লাহ এবং সাবেক জাসাস নেতা আবু মুসা কাজলসহ আরও বেশ কয়েকজনকে দেখতে পান।

বিলাল হোসেন অভিযোগ করেন, রাস্তায় পৌঁছানোর পরপরই ওই নেতারা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি যখন এই চাঁদা দিতে অস্বীকৃতি জানান, তখন তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। তিনি বাধা দিলে নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং অপহরণকারীদের হাত থেকে তাকে উদ্ধার করেন। জীবন বাঁচাতে তিনি পরবর্তীতে পাশের একটি মাছের ঘেরে লুকিয়ে থাকেন বলে জানান।

পরবর্তীতে বিলাল হোসেনকে খুঁজে না পেয়ে ক্ষুব্ধ বিএনপি ও যুবদল নেতাকর্মীরা পুনরায় তার বাড়িতে হামলা চালান। অভিযোগ করা হয়েছে, সেই সময় তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা উল্টো বিলালের বাবা আক্তার মল্লিককে পুলিশের হাতে তুলে দেন।

অন্যদিকে, চাঁদাবাজি ও অপহরণের এই অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেছেন শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু এবং ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান। তাদের দাবি, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। এক সৈনিক লীগ নেতার মোবাইলে থাকা টেলিগ্রাম গ্রুপে বিলালের যুক্ত থাকার তথ্য পেয়ে তারা তাকে সতর্ক করতে গিয়েছিলেন। তাদের আরও দাবি, বিলাল ফেসবুক লাইভে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন এবং তার বাবা পুলিশের গাড়িতে হামলা করায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী জানান, বেলাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে তিনি পুলিশের একটি দল পাঠান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বেলাল সেখান থেকে চলে যান এবং ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি শান্ত হয়।

বেলালের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে ওসি বলেন, উত্তপ্ত পরিস্থিতিতে তার নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন।