জাতীয় সংসদের অধিবেশনে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে আবেগাপ্লুত হয়ে পড়েন পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় আনা একটি নোটিশের আলোচনায় অংশ নেন তিনি।
সংসদে দাঁড়িয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ড. মাসুদ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “সংসদের দক্ষিণ প্লাজায় আমরা সবাই মিলে কথা দিয়েছিলাম। ওসমান হাদি যে কথাগুলো বলে গেছেন, প্রত্যেকটা লাইন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।”
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহাউদ্দিন আহমদের প্রতি জোরালো দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “শরিফ ওসমান হাদি হত্যার বিচারটা আপনারা নিশ্চিত করেন।”
সংসদ সদস্য জানান, হাদির বিচারের দাবিতে আন্দোলনরত তরুণদের দেওয়া একটি পাঞ্জাবি পরে তিনি আজ সংসদে আসার কথা ভেবেছিলেন। সেই পাঞ্জাবিটি পরার পর তরুণদের চোখে যে জল ছিল, তা এখনো তার স্মৃতিতে উজ্জ্বল। তিনি বলেন, তরুণদের সেই ছলছল চোখের পানি এখনো তার চোখের সামনে ভাসছে।
আলোচনার শেষ পর্যায়ে ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, তার আনা নোটিশটি বর্তমানে তার কাছে খুব বেশি মুখ্য নয়। তবে নোটিশের বিষয়ে তিনি উল্লেখ করেন, “যে নোটিশটি করেছি, সেই নোটিশটি আমার কাছে আজ খুব মুখ্য নয়। নোটিশে আমি শুধু এতটুকু বলব, বাউফল শুধু নয়, বাংলাদেশ আজকে নদী ভাঙনের কবলে।”