জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল তৈরি হয়েছে, সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে ফ্যাসিবাদী শক্তি বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি মনে করেন, গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ যত দ্রুত বাস্তবায়ন করা হবে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য তত বেশি শক্তিশালী হবে।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।

বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় নির্বাচন ও গণভোট—এই দুটি প্রক্রিয়ার মাধ্যমেই সবাই সংসদে এসেছেন। তবে একটি নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হলেও অন্যটি হয়নি। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়াটাই এখন ফ্যাসিবাদীদের আস্ফালনের অন্যতম কারণ বলে তাঁরা মনে করছেন।

জাতীয় নির্বাচনের আগে সবার একতাবদ্ধ থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের পরীক্ষার জায়গায় দুর্বলতা তৈরি হওয়ার কারণে, ফাটল সৃষ্টি হওয়ার কারণে ওরা সুযোগ নিচ্ছে।’

তিনি আরও বলেন, আগে ডানে-বামে, সামনে-পেছনে সবখানেই ফ্যাসিবাদের অস্তিত্ব ছিল, কিন্তু তারা টিকে থাকতে পারেনি। এখন এই ঐক্যের সামনে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসবে, তা তিনি বিশ্বাস করেন না। তাঁর মতে, ঐক্যের জায়গাটি সঠিকভাবে নির্ধারণ করা গেলে নাশকতা ও অগ্নিসংযোগের মতো সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতি তার প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আধিপত্যের কালো ছায়া এখন আবার অনুভব করছি। আমি সরকারকে অনুরোধ করব—বুক টান করে, পায়ের নলা শক্ত করে, সোজা হয়ে আপনারা দাঁড়ালে পুরা জাতি আপনাদের সাথে দাঁড়াবে।’ তিনি বিশ্বাস করেন, বর্তমান প্রজন্ম আধিপত্যবাদের পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেবে না।

বর্তমান সংসদকে মজলুমের পক্ষে এবং ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী একটি সম্পূর্ণ ভিন্নধর্মী সংসদ হিসেবে বর্ণনা করেন শফিকুর রহমান। আওয়ামী লীগ আমলের গুম, খুন ও নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক দিন ধরে সারা দেশে পলাতক ফ্যাসিস্টদের ব্যাপক নাশকতা লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে সংসদের মাধ্যমে জাতিকে জানানোর আশা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিলেও তাতে সরকারের সুনির্দিষ্ট নীতি ও কৌশল স্পষ্ট হয়নি বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জাতি আতঙ্কগ্রস্ত কি না তা তিনি বলবেন না, তবে সামনে কী হতে যাচ্ছে সে বিষয়ে সরকারের একটি সুস্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন।

শ্রমিক অসন্তোষের বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, কোনো শ্রমিকই তার কর্মস্থল ধ্বংস করতে সেখানে যোগ দেয় না। শিল্প বাঁচলে তবেই শিল্পী বাঁচবে। সিরামিক কারখানা বা বিদ্যুৎ অফিসে কেন হামলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, এর পেছনে একটি তৃতীয় অপশক্তি সক্রিয় রয়েছে, যাদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

শ্রমিকদের মাসিক বেতন ১২ হাজার টাকা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা প্রশ্ন করেন, এই সামান্য টাকায় শ্রমিকরা জীবন চালাবে কীভাবে? একটি ঘর ভাড়া নিলেই সব টাকা শেষ হয়ে যাবে। এই সংকট নিরসনে স্বল্প ও মধ্যমেয়াদি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।

সংসদ সদস্যদের তোলা ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এখনো কোনো দৃশ্যমান উন্নতি হয়নি এবং জনগণ চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

দেশের দালালদের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘অমুক এই দেশের দালাল, তমুক এই দেশের দালাল’—এমন কথা প্রায়ই শোনা যায়। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমরা ইন্ডাস্ট্রিতে উন্নতি না করতে পারলেও দালাল ইন্ডাস্ট্রিতে আমরা বহু এগিয়েছি। যারা আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করতে চায়, ওদের বলি যে তোমরা আগে দালাল ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস করো।’

আগামী মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকার কী উদ্যোগ নিচ্ছে সে সম্পর্কে তাঁরা অবগত নন। তিস্তা নিয়ে বিদ্যমান সমস্যার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর চীন সফর শেষে আশ্বস্ত করা হলেও এখন সবকিছু স্তিমিত হয়ে গেছে কি না।

পরিশেষে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আন্তরিক বন্ধু চাই। আমরা আমাদের উন্নয়ন-সহযোগী চাই। আন্তরিকভাবেই চাই। কিন্তু তাদের মর্যাদা এবং আমাদের মর্যাদা সমানতালে চলবে।’