প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে চায়ের আমন্ত্রণ জানালে সেই আহ্বানে সাড়া দিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। আলোচনার এক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য জানিয়েছেন, বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ওই সংসদ সদস্য আরও জানান, বৈঠকে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মতো বিভিন্ন অমীমাংসিত বিষয়গুলো বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর নজরে আনেন। একই সঙ্গে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে উভয় নেতা একমত পোষণ করেন।
অন্যদিকে, বুধবার (১৮ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে আসার আহ্বান জানান।
সংসদের ভেতরে ও বাইরের সব গণতান্ত্রিক দলকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা হয়। বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।