ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও শক্তিশালী করতে এবং ফ্যাসিবাদের সম্পূর্ণ মূলোৎপাটন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াতের একাধিক সংসদ সদস্য আজ বৃহস্পতিবার মুক্তকণ্ঠকে জানিয়েছেন যে, গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে মাগরিবের নামাজের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান। এরপর জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিটের এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠকের বিস্তারিত বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক সংসদ সদস্য মুক্তকণ্ঠকে জানান, প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন বিরোধীদলীয় নেতা। আলোচনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার গুরুত্বারোপ করা হয়। সেই সঙ্গে তিনি সর্বদলীয় মিছিল করার বিষয়েও কথা বলেন।
ওই সংসদ সদস্য আরও উল্লেখ করেন যে, বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে জানান, জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখে দিতে এবং দেশের বৃহত্তর প্রয়োজনে সেই ঐক্যকে আরও সুদৃঢ় করা প্রয়োজন। তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও মজবুত করতে প্রধানমন্ত্রীকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের অনুরোধ জানান।
জামায়াতের ওই সদস্য আরও জানান, গণমিছিলের পরিবর্তে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা এবং ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে বিরোধীদলীয় নেতার কথাগুলো শুনেছেন বলে জানা গেছে।
এই বৈঠক প্রসঙ্গে ঢাকা-১২ আসনের জামায়াত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন আজ বৃহস্পতিবার মুক্তকণ্ঠকে বলেন, "বিরোধীদলীয় নেতা বলেছেন, সরকার জুলাই সনদ থেকে সরে গেছে বলেই ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তি এই জুলাই সনদ ও গণভোটের রায়। ফ্যাসিবাদী শক্তির আস্ফালন রুখে দিতে প্রধানমন্ত্রীকে জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নিতে বলেছেন জামায়াতের আমির। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাব ইতিবাচক ছিল।"
জামায়াত সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছে।
উল্লেখ্য, গতকাল জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, দেশে-বিদেশে তাদের সন্ত্রাসী তৎপরতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়ে তাদের মাথা চাড়া দেওয়ার আগেই প্রতিহত করার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চান তিনি।”