দেশের প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে 'ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি' গঠনের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই প্রস্তাবনা পেশ করেন।

আজ বুধবার জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল’ পাসের বিষয়ে আলোচনার সময় নাজিবুর রহমান এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি উত্থাপন করেন।

আলোচনার এক পর্যায়ে নাজিবুর রহমান বলেন, ‘আমরা যখন এই বিলের ওপর আলোচনা করছি, তখন গোপালগঞ্জের একজন এমপির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজও সেখানে টুঙ্গিপাড়ায় আমাদের ইউনিয়নের আমিরের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে।’

ফ্যাসিবাদের প্রভাব ও এর প্রতিকার নিয়ে কথা বলে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, ‘আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি। সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এই ফ্যাসিবাদের শিকড় যদি আমরা উপড়ে ফেলতে না পারি, এই দেশ সাফারার (ভোগান্তির শিকার) হবে। এই বিলের যে বিষয়গুলো—সুবিধা, সুফল জনগণ তা ভোগ করতে পারবে না।’

সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নাজিবুর রহমান বলেন, ‘জেলায় জেলায়, প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে (নির্বাচনী এলাকা) আমাদের এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি হোক।’

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের প্রভাব বিদ্যমান বলে মন্তব্য করে তিনি জানান, এ বিষয়ে কেবল বদলি করলেই হবে না, বরং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিজের নির্বাচনী এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। তিনি অভিযোগ করেন, ওই ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন এবং সম্প্রতি সংবাদপত্রে প্রতিবেদন এসেছে যে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছেন। এই ধরনের ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।

একই আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর অপর সংসদ সদস্য সাইফুল আলমও গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি এবং সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলেও পুলিশ সুপারকে ফেনীর মতো একটি বড় জেলায় পদায়ন করা হয়েছে।

সাইফুল আলম বলেন, ‘গোপালগঞ্জ একটি ছোট জেলা। সেখানকার এসপিকে ফেনীর মতো বড় একটি জেলায় দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে।’