সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগ তুলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান এই দাবি উত্থাপন করেন। একই সঙ্গে তিনি এই স্পর্শকাতর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন।
সংসদে কথা বলার সময় নাজিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তাঁর সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তাঁর গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য, তিনি বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য। তার পরও তাঁকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে, মারধর করা হয়েছে। রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে।’
সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, ‘এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন। এখানে আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য রয়েছেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি আমি আজকে আশা করছিলাম, আইনমন্ত্রীর একটা বিবৃতি আশা করছিলাম।’
ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীর শাস্তির বিষয়ে নাজিবুর রহমান বলেন, ‘আমরা আশা করেছিলাম, যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, আমরা মবের বিরুদ্ধে কথা বলি, তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এ জন্য বিষয়টি তুললাম। এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর ভূমিকা আশা করছি এবং বিবৃতি আশা করছি।’
অন্যদিকে, রাহেদুল ইসলামের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সুপ্রিম কোর্ট আইনজীবী প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা। সংগঠনটির নেতারা এই ঘটনার জন্য রবিউল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রবিউল ইসলাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধরে মারধর করা এবং পরবর্তীতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করার মতো কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার কথা বলা হচ্ছে।
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে পুলিশের অভিযানের সময় রবিউল ইসলামকে তার দলবলসহ উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। ওই দিন পরিচালিত অভিযানে জাসদ কার্যালয় থেকে মোট ২৮৯ জনকে আটক করা হয়, যাদের প্রায় সবাই পরবর্তীতে জামিন পেয়েছেন।