আওয়ামী লীগের প্রতি ভয়ের কারণেই জামায়াতে ইসলামী গোপালগঞ্জে পথসভা করতে সাহস পাচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর মতে, জামায়াতের রাজনৈতিক অবস্থান এখন অত্যন্ত দুর্বল।
শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ শহরের কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে এক সংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এনসিপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাশেদ খাঁন বলেন, “এনসিপি নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। তারা গোপালগঞ্জে লংমার্চ ও পথসভা করেছিল। যদিও সেখানে তারা কর্মসূচি ভালোভাবে পালন করতে পারেনি। পরবর্তী সময়ে সেনাবাহিনীর নিরাপত্তায় তাদের ঢাকায় ফিরতে হয়েছে।”
জামায়াতের নেতাদের দাবি ও বাস্তবতার বৈপরীত্য তুলে ধরে তিনি বলেন, “জামায়াতের নেতারা দাবি করেন, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় পান না। কিন্তু আওয়ামী লীগের ভয়ে যদি গোপালগঞ্জে পথসভা করতে না পারেন, তাহলে তাদের সেই দাবির যৌক্তিকতা কোথায়? তাদের যদি নীতি-নৈতিকতা থাকে, তাহলে গোপালগঞ্জে একটি পথসভা করে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। গোপালগঞ্জে পথসভা না করার মধ্য দিয়ে বোঝা যায়, জামায়াত এখনো আওয়ামী লীগকে ভয় পায়।”
আগামীকাল শনিবারের কর্মসূচি নিয়ে কথা বলে তিনি জানান, খুলনা বিভাগের সাধারণ মানুষ জামায়াতকে লাল কার্ড দেখাবে। তিনি আরও দাবি করেন যে, অন্যান্য বিভাগের তুলনায় খুলনায় ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ হবে সবচেয়ে দুর্বল।
অন্যদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের কথিত গোপন বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জানান, ওই বৈঠকের যাবতীয় তথ্য রাষ্ট্রের কাছে রয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে এখন থেকেই ভারতের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের চেষ্টা শুরু করেছে।
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।