নাশকতার মামলায় কারাবন্দি বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর পুলিশি নিরাপত্তায় তাঁকে পুনরায় জামালপুর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জের চরকাউরিয়া সীমারপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত জানাজায় অংশ নেন আশিকুর রহমান।

জানা গেছে, আশিকুরের বাবা চিক্কু মিয়া (৫৫) দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর অবস্থার আরও অবনতি হলে তাঁকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর একটি নাশকতার মামলায় বকশীগঞ্জ থানা-পুলিশ আশিকুর রহমানকে গ্রেপ্তার করে। সেই সময় থেকে তিনি জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। বাবার মৃত্যুর পর তাঁর পরিবারের পক্ষ থেকে আশিকুর রহমানকে প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়। জেলা প্রশাসনের অনুমতি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নির্দিষ্ট সময়ের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে পুলিশি পাহারায় জানাজায় অংশ নেন আশিকুর। এই জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিক্রমে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়ে আশিকুর রহমান বাবার জানাজায় অংশ নেন। জানাজা ও দাফন শেষে পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আবার জামালপুর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।”