চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামে কারাগার থেকে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাবেষ্টনীতে সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছান এবং আবেগাপ্লুত হয়ে মায়ের মরদেহের পাশে দাঁড়ান। বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টির মধ্যেও ধর্মীয় ও সামাজিক সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পুণ্ডরিক ধামে প্রিজন ভ্যানটি পৌঁছায়। এ সময় এলাকায় পুলিশের ১৪টির বেশি গাড়ি মোতায়েন করে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। পৌঁছার পর চিন্ময় কৃষ্ণ দাস শিব মন্দির, শ্রীল পুণ্ডরীক বিদ্যানিধি ঠাকুরের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কাত্যায়নী মন্দির, শ্রীল প্রভুপাদের মন্দির, গিরি গোবর্ধন মন্দির ও সর্বতীর্থ মৃত্তিকা পরিক্রমা মন্দিরে প্রণাম জানান। এরপর হরিস্নান শেষে তাকে সমাধিস্থলে নিয়ে যাওয়া হয়।

সমাধিস্থলে পৌঁছে মায়ের মরদেহের পাশে দাঁড়ালে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত ভক্ত ও অনুসারীদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলেও বৈরী আবহাওয়ার মধ্যেই শেষকৃত্যের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। প্রক্রিয়া চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে ছিলেন, ফলে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের ভাই রঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে পাঁচ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের নির্দেশনার আলোকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়।